ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জার্মান ফুটবল দলের সাবেক অধিনায়ক মাইকেল বালাকের জাতীয় দলে ফেরা হলো না। ইউরো ২০১২ এর বাছাই পর্ব খেলার জন্য ঘোষিত দলে তাকে রাখা হয়নি।
শুক্রবার জার্মানির কোচ জোয়াকিম লো এ খবর জানিয়েছেন। বাছাই পর্বের খেলা আগামী মাস থেকে শুরু হবে।
গত মৌসুমে এফএ কাপ ফাইনালে ক্লাব দল চেলসির হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান বালাক। এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেও খেলতে পারেননি মাঝমাঠের এই খেলোয়াড়।
চোট কাটিয়ে আবারো ক্লাব ফুটবলে ফিরেছেন বালাক। কিন্তু সেরা ফর্মের দেখা পাননি বলেই জাতীয় দলে নেয়া হয়নি ৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই তারকাকে।
তবে বালাকের সঙ্গে কথা বলেই কোচ জোয়াকিম লো এমন সিদ্ধান্ত নিয়েছেন। বালাকের সঙ্গে ফোনে আলাপচারিতা প্রসঙ্গে জার্মান কোচ বলেন, "আমাদের মধ্যে খুবই ভালো এবং বস্তুনিষ্ঠ আলোচনা হয়েছে।"
এখানেই থামেননি লো। সঙ্গে আরো যোগ করলেন "চোটের কারণে তিন মাস মাঠের বাইরে থাকা মাইকেল (বালাক) চমৎকার ভাবে ফিরে এসেছে। তার এ ফিরে আসায় সকলেই খুশি। তবে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে তার সেরা ফর্ম ফিরে পাওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/১৭২৯ ঘ.
bdnews24