লন্ডন, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলান ২-১ গোলে হারিয়েছে চেলসিকে। দিনের অন্য ম্যাচে সিএসকেএ মস্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেভিয়া।
এছাড়া এফএ কাপে ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্টোক সিটি। অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলা ৩-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে ও টটেনহ্যাম হটস্পার ৪-০ গোলে বোল্টন ওয়ান্ডারার্সকে হারিয়েছে।
সেরি-আ তে এসি মিলান ২-১ গোলে জিতেছে ফিওরেন্টিনার বিপক্ষে।
সানসিরোতে খেলা শুরুর তিন মিনিটেই দিয়েগো মিলিত্তোর গোলে ইন্টার মিলান এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুলেমান কালুর গোলে সমতায় ফেরে চেলসি।
কিন্তু চার মিনিট পরই স্তেবান কেম্বিয়াসোর গোলে আবারো এগিয়ে যায় ইন্টার মিলান। এরপরই গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। কিন্তু গোলের আর দেখা পায়নি ইংলিশ ক্লাবটি। ফলে হার মেনেই মাঠ ছাড়তে হয় ব্লুজদের। দুই পর্বের খেলার ফিরতি ম্যাচ হবে ১৬ মার্চ।
অন্য ম্যাচে রুশ ক্লাব সিএসকেএ মস্কো ১-১ গোলে ড্র করেছে স্পেনের সেভিয়ার সঙ্গে। অ্যালভারো নেগ্রিডোর ২৫ মিনিটের গোলে এগিয়ে যায় সেভিয়া। ৬৬ মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালেজের গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে সিএসকেএ মস্কো।
এদিকে এফএ কাপে বুধবার খেলার প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি ম্যানচেস্টার সিটি। তবে ইমানুয়েল আদেবায়োরকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়, ৪৩ মিনিটে।
এরপরই দশজনের ম্যান সিটিকে চেপে ধরে স্টোক সিটি। আক্রমণের পর আক্রমণ করে ৭৯ মিনিটে দাভি কিটসন বল পাঠিয়ে দেন ম্যান সিটির জালে। ৮১ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে ম্যান সিটিকে খেলায় ফেরান ক্রেগ বেল্লামি। অবশেষে অতিরিক্ত সময়ে (৯০ ) দু'টি গোল করে জয় তুলে নেয় স্টোক। গোল দু'টি করেন রায়ান শোক্রস ও টুনকে সেনলি।
সিরি 'আ' তে এসি মিলান অনেক কষ্টে জয় পেয়েছে ফিওরেন্টিনার বিপক্ষে। ২-১ গোলে হারায় তারা ফিওরেন্টিনাকে।
খেলার ১৪ মিনিটে অ্যালবার্তো গিলার্দিনোর গোলে ১-০ তে এগিয়ে যায় ফিওরেন্টিনা। ৮১ মিনিটে জেন হ্যানতেলার গোলে ম্যাচে ফিরে আসে এসি মিলান। অতিরিক্ত সময়ে (৯০ ) এসি মিলানের অ্যালেসান্দ্রো পাতো জয়সূচক গোলটি করেন।
পয়েন্ট তালিকার শীর্ষ দল ইন্টার মিলানের পয়েন্ট ৫৫, ২৫ ম্যাচে। সমান খেলায় এসি মিলানের পয়েন্ট ৫১ ও এএস রোমার ৫০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৪০ ঘ.
bdnews24