ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পাওনা আদায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দারস্থ হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ফুটবলাররা।
গত দু'বছরের বেশি দলটির অভিভাবক বলতে ছিল না কেউ। গত মৌসুমে দল তৈরির জন্যও এগিয়ে আসেননি কেউই। উপায়ান্তর না দেখে ফুটবলাররাই দল গড়েন। গাঁটের টাকা খরচ করে মুক্তিযোদ্ধাকে টিকিয়ে রাখেন পেশাদার ফুটবল 'বি' লিগে।
এখন সুসময় ফিরলেও ফুটবলারদের পারিশ্রমিক দিচ্ছেন না ক্লাব কর্মকর্তারা।
সোমবার বাফুফের কাছে লিখিতভাবে এ অভিযোগ করেছেন 'বি' লিগে খেলা মুক্তিযোদ্ধার গত মৌসুমের ফুটবলাররা। দেশি বিদেশি মিলে ২৫ জন ফুটবলার খেলেছেন মুক্তিযোদ্ধায়।
দলের ফরোয়ার্ড সাইফুল ইসলাম মনি বলেন,"আমরা চুক্তির পুরো টাকা চাই না। অন্তত পারিশ্রমিকের অর্ধেকটা দিলেই খুশি। আর যারা ক্যাম্প চালাতে ব্যক্তিগত টাকা খরচ করেছেন সে টাকা দিতে হবে মুক্তিযোদ্ধাকে।"
খেলোয়াড়দের পারিশ্রমিক পাওয়ার বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী বলেছেন,"নিয়মের ভেতর থেকেই খেলোয়াড়রা যাতে টাকা পায় সে উদ্যোগ নেয়া হবে।"
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুনর্গঠন হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। এরপর পাওনা টাকার দাবিতে ফুটবলাররা দুইবার লিখিত দাবি জানান নতুন কমিটিকে। কিন্তু বর্তমান কমিটি তাদের দাবিতে সাড়া দেয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী ফুটবলাররা।
খেলোয়াড়দের অভিযোগ যাচাইয়ের জন্য মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি বীরবিক্রম মেজর জেনারেল (অব:) গোলাম মোর্শেদ হেলালের মোবাইলে বার বার যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২৩৫৩ঘ.
bdnews24