রোম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়র্টাস) - তুমুল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় প্রবল প্রতিপক্ষ মিলোরাড ক্যাভিচকে হারিয়ে মাইকেল ফেলপস ১০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্বরেকর্ডটি আবার নিজের করে নিয়েছেন।
রোমে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে শনিবার ১০০ মিটার বাটারফ্লাইয়ে আমেরিকান সাঁতারু ৫০ মিটার পর্যন্ত পিছিয়ে ছিলেন প্রতিপক্ষ ক্যাভিচের বেশ কিছুটা। শুধু তাই নয়, এ সময় তার সামনে ছিল আরও তিনজন। কিন্তু রোমের ফ্যানদের অনুপ্রেরণা ও চিৎকার ফেলপসকে দারুণভাবে উজ্জীবিত করে।
প্রচন্ড গতি তোলেন ফেলপসও এবং শেষ পর্যন্ত তার হাত দুটো টাচ লাইন স্পর্শ করে সবার আগে। ফেলপস সময় নেন ৪৯.৮২ সেকেন্ড। আর ক্যাভিচের লাগে ৪৯.৯৫ সেকেন্ড।
২০০ মিটার ফ্রিস্টাইলে মঙ্গলবার ফেলপস জার্মানির পল বাইডারম্যানের কাছে হেরে যান। আগের দিন সোমবার ৫০ মিটার বাটারফ্লাইয়ের সোনার পদক গলায় পড়েন ক্যাভিচ।
স্বর্ণ জিতে ফেলপস বলেন,"এটা রীতিমতো সরাসরি শো-ডাউনের মতোই। অনেকটা দুই বক্সারের মুখোমুখি লড়াইয়ের মতো।"
বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ এ পর্যন্ত চারটি স্বর্ণ জিতেছেন ফেলপস। ১০০ মিটার বাটারফ্লাই ছাড়াও ২০০ মিটার বাটারফ্লাই, ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলে, ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জেতেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২২২২ ঘ.
bdnews24