প্যারিস, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ বাছাই রাফায়েল নাদালের সম্ভাব্য ঘাতক, দ্বিতীয় বাছাই রজার ফেদেরারের পথের কাঁটা- টুর্নামেন্ট শুরুর আগে নোভাক দিওকোভিচ সম্পর্কে এমন সব কথাই শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত এর কোনোটাই হতে পারলেন না এই সার্বিয়ান। শনিবার ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই চতুর্থ বাছাই দিওকোভিচকে বিদায় করে দিয়েছেন জার্মানির ফিলিপ কোলস্ক্রাইবার।
এদিনই অঘটনের শিকার হয়েছেন মেয়েদের বিভাগের চতুর্থ বাছাই এলেনা দেমেন্তিয়েভা আর দশম বাছাই ক্যারোলিন উজনিয়াকিও। তবে জিতেছেন দুই বিভাগের দ্বিতীয় বাছাই রজার ফেদেরার আর সেরেনা উইলিয়ামস। যদিও চতুর্থ রাউন্ডে ওঠার আগে বেশ খানিকটা নাটকের জন্ম দিয়েছেন সেরেনা।
স্পেনের মারিয়া হোসে মার্টিনেজ-সানচেজের বিপক্ষে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনার জয়টা এসেছে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে। তবে এই মার্কিনির বিশ্বাস, আসলে প্রথম সেটটাও হারেননি তিনি। ওই সেটের পঞ্চম গেমে তার সার্ভিস ব্রেক করেছেন সানচেজ, তবে সেই গেমটা শেষ হয়েছে একটা বিতর্কিত পয়েন্ট দিয়ে। যে শটে গেম জয় নিশ্চিত করেছেন সানচেজ, সেরেনার দাবি সেটা তার আগে লেগেছে সানচেজের হাতে। চেয়ার আম্পায়ারের কাছে এর প্রতিবাদ জানিয়েছিলেন তিনি, আম্পায়ার তাতে কান না দেননি। ম্যাচ শেষে ক্ষুব্ধ সেরেনা প্রতিপক্ষকে 'প্রতারক' বলে অভিহিত করেছেন।
সেরেনা যখন এই সব নাটক করছেন, অন্য কোর্টে তখনই বিদায় ঘণ্টা বাজছিল দিওকোভিচের। সরাসরি ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে তাকে হারিয়ে ফেদেরার-নাদাল দুজনেরই সুবিধে করে দিয়েছেন অখ্যাত জার্মান খেলোয়াড় কোলস্ক্রাইবার। টুর্নামেন্টের ড্র অনুযায়ী ফেদেরারের সঙ্গে সেমিফাইনালে দেখা হওয়ার কথা ছিল দিওকোভিচের, আর বছর জুড়েই ক্লে কোর্টের টুর্নামেন্টগুলোয় দারুণ খেলতে থাকা এই সার্বিয়ানকে মনে করা হচ্ছিল নাদালের টানা পঞ্চম শিরোপা জয় ঠেকানোর সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী।
আগের রাউন্ডে ভাগ্যের জোরে বেঁচে যাওয়া দেমেন্তিয়েভাকে শনিবার আর সাহায্য করেনি ভাগ্য। দ্বিতীয় রাউন্ডে তার বিরুদ্ধে প্রথম সেটে এগিয়ে থেকেও ইনজুরির কারণে সরে দাঁড়াতে হয়েছিল অস্ট্রেলিয়ার ইয়েলেনা ডকিচকে, শনিবার তার বদলা নিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসুর। দেমেন্তিয়েভাকে ৬-৩, ৪-৬, ৬-১ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি।
শেষ ষোলোতে উঠেছেন ফেদেরার, অ্যান্ডি রডিক আর হুয়ান মার্টিন দেলপোর্তোরাও। ফ্রান্সের পল-হেনরি ম্যাথিউকে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ফেদেরার, ষষ্ঠ বাছাই রডিক ৬-১, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন মার্ক গিকুয়েলের বিপক্ষে আর পঞ্চম বাছাই দেলপোর্তো ৬-৪, ৭-৫, ৬-৪ গেমে হারিয়েছেন ইগর আন্দ্রিভকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯১৫ ঘ.
bdnews24