২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী সপ্তাহ থেকেই শুরু এসএ গেমসের ফুটবল দল গঠনের প্রক্রিয়া

আগামী শনিবার থেকে এসএ গেমসের ফুটবল দল গঠন প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেমস ফুটবল অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের জন্য হলেও বাফুফে শুরু করছে অনূর্ধ্ব-২০ বছর বয়সী ফুটবলারদের নিয়ে। বুধবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)------ আগামী শনিবার থেকে এসএ গেমসের ফুটবল দল গঠন প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গেমস ফুটবল অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের জন্য হলেও বাফুফে শুরু করছে অনূর্ধ্ব-২০ বছর বয়সী ফুটবলারদের নিয়ে। বুধবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "আমাদের কোচরা ইতিমধ্যে অনূর্ধ্ব-২০ বছরের ৩০ জন খেলোয়াড় বাছাই করেছেন। তাদের সঙ্গে আরো কয়েকজন যোগ হতে পারে। এদের নিয়েই আগামী ৭ মার্চ থেকে বিকেএসপিতে ট্রায়াল শুরু হবে।" বি. লিগ এবং বয়সভিত্তিক দল থেকেই বাছাই করা হয়েছে ৩০ জন খেলোয়াড়। এদের সঙ্গে প্রথম বিভাগ ও বিকেএসপি থেকে যোগ হতে পারে কয়েকজন। তবে গেমস আগামী বছর বলে এখন অনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে কাজ শুরু করছে বাফুফে। তাদের নিয়ে আগামী শনিবার বিকেএসপিতে শুরু হবে ট্রায়াল। এক সপ্তাহব্যাপী এ ট্রায়ালের মাধ্যমে ব্রাজিলিয়ান কোচ এডসন ডিডোর কাজ শুরু হবে মাঠে। "ডিডো চাইছেন মাঠে তাদের পরীক্ষা করতে। খেলোয়াড়দের মান দেখার পাশাপাশি কার কোথায় সমস্যা এ নিয়ে তিনি টিপস দেবেন। কারণ এরপর কোচ তাদের সেভাবে সময় দিতে পারবেন না চ্যালেঞ্জ কাপের দল গঠনের ব্যস্ততার জন্য"---- বলেছেন বাদল রায়। এছাড়া সভায় সিদ্ধান্ত হয়েছে সুপার কাপ চলাকালীন এএফসি চ্যালেঞ্জ কাপের প্রাথমিক দল ঘোষণা করা হবে। বুধবার ডিডো ২৫ জনের একটি তালিকা ব্যবস্থাপনা কমিটির কাছে জমা দিলেও তাতে আরো ৫ জন যোগ হতে পারে সুপার কাপের পারফরম্যান্সের ভিত্তিতে। এ টুর্নামেন্ট শেষ হওয়ার পর আগামী ৩০ মার্চ থেকে বিকেএসপিতে শুরু হবে এপ্রিলে অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের অনুশীলন ক্যাম্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.