২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিকে হারিয়ে ব্রাজিলের স্বস্তি

চাকরিটা তাহলে এবারের মতো বেঁচে গেল কার্লোস দুঙ্গার। বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচে গোল না পাওয়া, তারপর অলিম্পিক মিশন থেকেই খালি হাতে ফেরা দুঙ্গার জন্য রোববার চিলির বিপক্ষে ম্যাচটা ছিল রীতিমতো অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় ৩-০ গোলে জিতেছে তার ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 04:23 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

সান্টিয়াগো, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- চাকরিটা তাহলে এবারের মতো বেঁচে গেল কার্লোস দুঙ্গার। বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচে গোল না পাওয়া, তারপর অলিম্পিক মিশন থেকেই খালি হাতে ফেরা দুঙ্গার জন্য রোববার চিলির বিপক্ষে ম্যাচটা ছিল রীতিমতো অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় ৩-০ গোলে জিতেছে তার ব্রাজিল। রোববার সান্টিয়াগোতে অনুষ্ঠিত এই ম্যাচে পেনাল্টি মিস করেছেন রোনালদিনিয়ো, কিন্তু তাতে খুব একটা ক্ষতি হয়নি ব্রাজিলের। দুই অর্ধে লুই ফ্যাবিয়ানোর দুটি গোল সেই সঙ্গে আর প্রথমার্ধের শেষ দিকে রবিনিয়োর লক্ষ্যভেদ সহজ জয়ই এনে দিয়েছে তাদের। ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু দুজন ডিফেন্ডারকে কাটালেও গোলরক্ষক ব্রাভোকে বোকা বানাতে পারেননি সদ্য ইংলিশ লিগের দল ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া রবিনিয়ো। দারুণ একটা সেভ করে চিলিকে বাঁচিয়ে দিয়েছেন ব্রাভো। এর কয়েক মিনিট পরেই পাল্টা আক্রমণ থেকে গোলের কাছাকাছি চলে গিয়েছিল চিলি, তবে কর্নার থেকে ফাঁকায় বল পেয়েও মাত্র ৬ গজ দূর থেকে ক্রসবারের ওপর দিয়ে মেরে দিয়েছেন উমবার্তো সুয়াজো। ২১ মিনিটে ব্রাজিলের পক্ষে প্রথম গোলটি করেছেন ফ্যাবিয়ানো, রোনালদিনিয়োর নেওয়া ফ্রিকিকে মাথা ছুঁইয়ে। গত জুন মাসে কানাডার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের পর এটাই ব্রাজিলের পক্ষে প্রথম গোল, তবে এর আগে ৩১৮ মিনিট কোনো গোল করতে পারেনি তারা। ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলিয়ানদের। পেনাল্টি বক্সে দিয়েগোকে ফাউল করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের একটা পেনাল্টি উপহার দিয়েছেন চিলির ডিফেন্ডার মার্কো এস্ত্রাদা। কিন্তু গত নভেম্বরের পর ব্রাজিলের পক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রোনালদিনিয়োর শট ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দিয়েছেন ব্রাভো। এই সুবাদে পাওয়া কর্নার থেকেও গোল পেতে পারতো ব্রাজিল, তবে মাইকনের হেড গোললাইন থেকে ক্লিয়ার করেছেন একজন ডিফেন্ডার। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে পাওয়া ব্রাজিলের দ্বিতীয় গোলটিতেও খানিকটা অবদান ছিল ফ্যাবিয়ানোর, তার হেড থেকেই বল পেয়ে লক্ষ্যভেদ করেছেন রবিনিয়ো। আর ৮৩ মিনিটে ফ্যাবিয়ানো নিজেই করেছেন দলের শেষ গোলটা, সারা ম্যাচে দারুণ খেলা ব্রাভোর দুই পায়ের ফাঁক দিয়ে জালে ঢুকেছে তার শট। ঘটনাবহুল এই ম্যাচে লালকার্ড দেখেছেন দুদলেরই একজন করে খেলোয়াড়। দুই হলুদ কার্ডের খাঁড়ায় পড়ে ৪৭ মিনিটে বহিস্কৃত হয়েছেন ব্রাজিলের ক্লেবার, তার ১৫ মিনিট পর ফ্যাবিয়ানো মারাত্মক ফাউল করার অপরাধে লালকার্ড দেখতে হয়েছে চিলির ভ্যালদিভিয়াকে। এই জয় বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকান গ্র"পে ষষ্ঠ স্থান থেকে এক লাফে দুই নম্বরে তুলে এনেছে দুঙ্গার দলকে। ৭ ম্যাচ থেকে ব্রাজিলের সংগ্রহ ১২, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনারও তা-ই। তবে গোল পার্থক্যে এগিয়ে রয়েছে ব্রাজিল। আর ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যারাগুয়ে। ১০ দলের এই গ্র"প থেকে চারটি দল সরাসরি খেলবে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে, পঞ্চম স্থান পাওয়া দলটি প্লে অফ খেলবে কনকাকাফ অঞ্চলের চতুর্থ স্থান পাওয়া দলের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫০৫ ঘ.