২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী শিরোপা পুনরুদ্ধার স্বপ্নে বাধা হতে চায় সোনালী ব্যাংক

ক্লাব কাপ হকি শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে আবাহনী। ফাইনালের প্রতিপক্ষ অখ্যাত সোনালী ব্যাংক এই স্বপ্নের প্রনোদনা হলেও ব্যাংক দল অঘটন ঘটিয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই শনিবার বিকেল ৪ টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নামছে ক্লাব কাপ হকির ফাইনাল খেলতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 04:33 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ক্লাব কাপ হকি শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে আবাহনী। ফাইনালের প্রতিপক্ষ অখ্যাত সোনালী ব্যাংক এই স্বপ্নের প্রনোদনা হলেও ব্যাংক দল অঘটন ঘটিয়ে দেওয়ার প্রত্যয় নিয়েই শনিবার বিকেল ৪ টায় মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নামছে ক্লাব কাপ হকির ফাইনাল খেলতে। শক্তির বিচারে লড়াইটা আপাতত একপেশে মনে হলেও আবাহনীর কোচ মাহবুব হারুন কিন্তু সোনালী ব্যাংককে হালকাভাবে নিতে নারাজ। আবাহনীর এই সাবেক হকি খেলোয়াড় বলেছেন, "ফাইনালে আমরা ঊষাকে আশা করেছিলাম। কিন্তু যারা শক্তিশালী ঊষাকে হারিয়ে ফাইনালে উঠতে পারে তাদের কমজোরি ভাবার কোনো কারণ নেই। তারা সেমিফাইনালে খুব ভাল খেলেছে।" সেমিফাইনালে ঊষাকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে সোনালী ব্যাংক। সেখানে অনেক অঘটনের জন্ম দিয়ে কষ্টসৃষ্টে সেমিফাইনালের বাধা পার হয়েছে ফেবারিট আবাহনী। তারুণ্যনির্ভর মোহামেডানকে কোনোরকমে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে উঠেছে তারকা সমৃদ্ধ দলটি। ফাইনালের ঠিক আগের ম্যাচে দলের এই হাল দেখে আবাহনী কোচ বারবার সতর্ক করে দিচ্ছেন এভাবে, "আমার মনে হয় সেমিফাইনালে আমাদের খেলোয়াড়রা একটা শিক্ষা পেয়েছে। তারপরও সোনালী ব্যাংকের অতো নামডাক নেই কিংবা অভিজ্ঞতার অভাব আছে বলে হালকাভাবে নিলে আবার বিপদে পড়তে হতে পারে। তাদের তিন-চারজন তরুণ খেলোয়াড় খুব ভাল খেলছে।" নিজের দলের খেলোয়াড়দের সতর্ক করে দিলেও মাহবুব হারুন এতটুকু কুন্ঠাবোধ করছেন না আবাহনীর গায়ে ফেবারিট তকমা লাগাতে। "আমরাই ফেবারিট। তবে সেমিফাইনালের কথা ভুলে গিয়ে আগের লিগ ম্যাচগুলোর মতো খেলতে হবে আমাদের"-- বলেছেন আবাহনীর সাবেক এই মিডফিল্ডার। কিন্তু ঊষাকে হারানো সোনালী ব্যাংক ফাইনালে আরেকটি অঘটনের জন্ম দিতে চায়। সেজন্য ব্যাংক দলের অধিনায়ক আশিকুজ্জামান নিজের দলের কিছু ইতিবাচক দিকের কথা উল্লেখ করেছেন, "অন্য যে কোন দলের চেয়ে আমাদের খেলোয়াড়দের ফিটনেস ভাল। সেটাই ছিল ঊষাকে হারানোর পেছনে মূল কারণ। তাছাড়া আমাদের টিম স্পিরিট এবং টুর্নামেন্টে আমাদের ধারাবাহিকতা অনেক ভাল।" একমাত্র মোহামেডানের বিপক্ষে তারা এলোমেলো খেলেছে। ব্যাংক অধিনায়কের চোখে কারণটা হচ্ছে, "ওই ম্যাচে আমাদের তরুণ খেলোয়াড়রা ম্যাচের টেম্পো ধরতে পারেনি। কিন্তু তারপর থেকে প্রত্যেক ম্যাচে তারা উন্নতি করেছে।" সেই উন্নতির ধারা ফাইনালেও বজায় রাখতে পারলে আবাহনীর শিরোপা পুনরুদ্ধারের কাজটা কঠিন হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৩০ঘ.