ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কাজী সালাউদ্দিন, আশরাফউদ্দিন চুন্নু এবং গোলাম রাব্বানী হেলালের বিরুদ্ধে মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ এনেছেন একজন কাউন্সিলর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে চট্টগ্রামের কাউন্সিলর শামসুল হক চৌধুরীর অভিযোগ হলো এই তিনজন মনোনয়নপত্রের ৯ ও ১০ ধারায় যে তথ্য চাওয়া হয়েছিল সেটা এড়িয়ে গেছেন।
এই ধারা দুটোতে জানতে চাওয়া হয়েছিল তারা কখনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিলেন কি-না? সালাউদ্দিনরা সেখানে না-সূচক জবাব দিয়েছেন। কিন্তু শামসুল হক চৌধুরীর অভিযোগ হলো, ১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে গোলযোগের সূত্র ধরে তাদের তিন জনের জেল-জরিমানা হয়েছিল। নিজের দাবির পক্ষে তিনি সে সময়ের পত্রিকার কপিও সংযুক্ত করেছেন। ২৩ সেপ্টেম্বর ১৯৮২ সালের দৈনিক ইত্তেফাক এবং দৈনিক বাংলা পত্রিকার ভাষ্য অনুযায়ী, হেলালের ৬ মাস জেল এবং ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। সালাউদ্দিন এবং চুন্নুর ক্ষেত্রে শাস্তির পরিমাণটা ছিল ১ মাসের জেল এবং ১ হাজার টাকা জরিমানা।
২১ সেপ্টেম্বর ১৯৮২ সালের আবাহনী-মোহামেডানের ম্যাচে সহকারী রেফারিকে প্রহার করার অভিযোগে আবাহনীর চার ফুটবলার সালাউদ্দিন, চুন্নু, আনোয়ার ও হেলালকে গ্রেফতার করা হয়। সামরিক শাসনের অধীনে এক দিনের বিচারে তাদের দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেয়া হয়। কিন্তু দেশের মানুষের চরম বিরোধিতায় ১৭ দিন কারাভোগের পর মুক্তি পান তারা।
বাফুফে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সালাউদ্দিন এই অভিযোগে একেবারে বিস্মিত। সামরিক আইনের অধীনে অনুষ্ঠিত এই বিচার দেশের প্রচলিত আইনের আওতায় পড়ে কিনা সে সম্পর্কেও ঠিক নিশ্চিত নন তিনি, ''আমি ঠিক জানি না যে সামরিক আইনের কোনো বিচার বা দণ্ডকে প্রচলিত আইনেও শাস্তি বলা যায় কিনা?''
আইনের প্রশ্ন আছে, তার চেয়েও বড় প্রশ্ন হলো নৈতিকতার। সেদিনের যে ঘটনাটাকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন একটা কলংক হিসেবে গণ্য করে, এত বছর পর সেটাকে ফুটবল অঙ্গনের কেউ ব্যবহারের চেষ্টা করবে এটা কল্পনাই করতে পারছেন না বাংলাদেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা সালাউদ্দিন, ''বাংলাদেশের কেউ এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলতে পারে এটা আমি বিশ্বাসই করতে পারছি না। কারণ সেদিন কী ঘটেছিল গোটা দেশবাসী সেটা ভালোমতোই জানে।''
চুন্নু এবং হেলাল এই ঘটনাকে দেখছেন 'নির্বাচনী নোংরামি' হিসেবে। চুন্নু নির্বাচনে সহ-সভাপতি এবং সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হেলাল নির্বাচন করবেন সদস্য পদে।
ঘটনা যা-ই হোক, অভিযোগ যেহেতু উঠেছে, কাজেই নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সেটা তদন্ত করে দেখার। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বুধবার দু-পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৩০ঘ.
bdnews24