২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনী ও ঊষার শক্তির সমতা প্রমাণিত হলো মাঠেও

ব্র্যাক ব্যাংক ক্লাব কাপ হকিতে ৩-৩ গোলে ড্র হয়েছে আবাহনী- ঊষা ম্যাচ। অন্য ম্যাচে ওয়ারী ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ব্র্যাক ব্যাংক ক্লাব কাপ হকিতে ৩-৩ গোলে ড্র হয়েছে আবাহনী- ঊষা ম্যাচ। অন্য ম্যাচে ওয়ারী ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। দুটো দলই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আগে। তাই সোমবার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আবাহনী-ঊষার ম্যাচের গুরুত্ব তেমন না থাকলেও লড়াই হয়েছে জমজমাট। দলীয় শক্তিতে যে তারা প্রায় কাছাকাছি তা-ই প্রমাণিত হয়েছে মৌসুমের প্রথম সাক্ষাতে। প্রথমার্ধ আধিপত্য করেছে আবাহনী, দশম মিনিটে প্রথম গোল করে তারা এই অর্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। রাসেল মাহমুদ জিমির প্রথম গোলের পর ৩০ ও ৩৪ মিনিটে মওদুদুর রহমান শুভ দুটো গোল করেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই আধিপত্য চলে যায় ঊষার স্টিকে। যার ফল তিন গোল শোধ। ৪৬ মিনিটে জাহিদুল ইসলাম রাজন, ৪৭ মিনিটে ইমরান আহমেদ সোহেল এবং ৬৪ মিনিটে মোস্তাফিজুর রহমান দিনার একটি করে গোল করেছেন। অন্য ম্যাচে বাংলাদেশ স্পোটিংয়ের বিপক্ষে ওয়ারীর জয়ে রানা দুটো এবং মাহমুদুল একটি গোল করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.