ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- "ভিশন এশিয়া"কে তুলে ধরতে আবারো ঢাকায় আসছে এএফসি প্রতিনিধি দল। এবার আর বাফুফে-কর্তারা নয়, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সভাপতি জেনারেল মইন উ আহমেদকে ফুটবলের এই আধুনিক উন্নয়ন পরিকল্পনার কথা জানাবে তারা। এএফসি সাধারণ সম্পাদক দাতো পলমনির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটির বুধবার রাতে ঢাকা পৌঁছানোর কথা।
প্রতিনিধি দলে এএফসি সম্পাদকের সঙ্গে আসছেন ভিশন এশিয়া পরিচালক ব্রেন্ডন মেন্টন এবং এএফসির ন্যাশনাল অ্যাসোসিয়েশন ও ক্লাব বিষয়ক ডেভেলপমেন্ট অফিসার ইমতিয়াজ রেহমান। তারা বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বাফুফে ভবনে বসবেন জাতীয় ক্রীড়াপরিষদের সভাপতির সঙ্গে।
বাফুফে সূত্রে জানা গেছে, ফুটবলের উন্নয়নের জন্য ফেডারেশন ও ক্লাবের পেশাদারীত্ব যে অপরিহার্য সে কথাই নতুন করে বলা হবে মইন উ আহমেদকে। তৃণমূল পর্যায়ে কীভাবে কাজ করতে হবে তার রোডম্যাপসহ ফুটবলের আধুনিকায়নের যাবতীয় উপাদান সম্বলিত "ভিশন এশিয়া" তত্ত্ব তুলে ধরা হবে তার সামনে।
তবে এই তত্ত্ব বাংলাদেশে নতুন নয়। ২০০৩ সালে এএফসি বেশ ঘটা করে বাংলাদেশকে ভিশন এশিয়ার আওতায় নিয়েছিল। ফেডারেশন, ক্লাব সংগঠকসহ ফুটবল সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে এএফসি জ্ঞান বিতরণ করে গেলেও তা কাজে লাগাতে পারেনি বর্তমান কমিটি। সেজন্যই এবার জাতীয় ক্রীড়াপরিষদ প্রধানের সঙ্গে বসছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.
bdnews24