২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবস হকির শিরোপা সোনালী ব্যাংকের

বিজয় দিবস হকির জমজমাট এক ফাইনালে সোনালী ব্যাংক ৩-২ গোলে সেনা বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এত জমজমাট ফাইনালের কথা হয়তো অনেকেই ভাবেনি। কারণ বিজয়ীদের পোষাকি নাম সোনালী ব্যাংক হলেও এটিকে জাতীয় দল বললেও খুব অত্যুক্তি হবে না। তাই জাতীয় দলের ১০ সদস্য নিয়ে গড়া সোনালী ব্যাংকের বিপক্ষে সেনাবাহিনী দুর্দান্তভাবে লড়ে যেতে পারবে, এটা হিসেবে মেলে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিজয় দিবস হকির জমজমাট এক ফাইনালে সোনালী ব্যাংক ৩-২ গোলে সেনা বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এত জমজমাট ফাইনালের কথা হয়তো অনেকেই ভাবেনি। কারণ বিজয়ীদের পোষাকি নাম সোনালী ব্যাংক হলেও এটিকে জাতীয় দল বললেও খুব অত্যুক্তি হবে না। তাই জাতীয় দলের ১০ সদস্য নিয়ে গড়া সোনালী ব্যাংকের বিপক্ষে সেনাবাহিনী দুর্দান্তভাবে লড়ে যেতে পারবে, এটা হিসেবে মেলে না। এমন লড়াই যে আগে গোল করে এগিয়ে গিয়েছিল সেনাবাহিনীই। কিন্তু শেষ পর্যন্ত পারেনি তারা ব্যাংক দলের শতভাগ পেনাল্টি কর্ণার সাফল্যের জন্য। দুটো পিসিকেই গোলে পরিণত করেছে তারা। ব্যাংকের জাহিদুল ইসলাম রাজন দুটি ও মামুনুর রহমান চয়ন একটি গোল করেছেন। সেনাবাহিনীর পক্ষে গোল করেছেন সানোয়ার হোসেন ও জামাল হোসেন। শনিবার বিকেলে মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৭ মিনিটের মাথায় সেনাবাহিনী এগিয়ে যায় সানোয়ার হোসেনের গোলে। ডানদিক থেকে মোস্তফা শরীফুজ্জামানের পাঠানো ক্রসে সানোয়ার সজোরে হিট করে পরাস্ত করেন ব্যাংক দলের গোলরক্ষক জাহিদ হোসেনকে। যদিও সেনাবাহিনী তা মিনিট পাঁচেকের বেশি ধরে রাখতে পারেনি। ১৩ মিনিটে ব্যাংক দলের জাহিদুল ইসলাম রাজন পেনাল্টি কর্ণার থেকে গোল করে সমতা ফিরিয়ে আনেন। ২৭ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার গোলটিও এসেছে এই স্ট্রাইকারের স্টিক থেকে। তবে গোলটা রাজনের বলার চাইতে আত্মঘাতী বললেই যেন বেশি মানায়। বাঁ দিক থেকে রাজনের কোনাকুনি শট এক সেনা ডিফেন্ডারের স্টিকে লেগে আশ্রয় নেয় সেনাবাহিনীর পোস্টে। দুর্ভাগ্যজনকভাবে পিছিয়ে পড়া সেনাবাহিনী অনেক চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি। বিশেষ করে ৩৭ মিনিটে আরো একটি গোল হজম করলে ফেরাটা আরো কঠিন হয়ে পড়ে। পেনাল্টি কর্ণার থেকে তৃতীয় গোলটি করেছেন জাতীয় দলের ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। ওই পেনাল্টি কর্ণারের কল্যাণেই ৯ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই ডিফেন্ডার ! ৪৮ মিনিটে জামাল হোসেনের গোলে (পেনাল্টি কর্ণার থেকে ) পরাজয়ের ব্যবধান কমায় সেনাবাহিনী। মাঠে উপস্থিত হয়ে জমজমাট এই লড়াই দেখার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি খোন্দকার জামিলউদ্দিন ও সাধারণ সম্পাদক সাজেদ এ এ আদেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯৪৫ঘ.