২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স - বিতর্ক পেছনে ফেলতে চায় জেএফএ কাপ ফুটবল

অবশেষে আগামী ১ ফেব্র“য়ারি থেকে জেএফএ কাপ অনূর্ধ্ব - ১৫ ফুটবলের তৃতীয় আসর আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। হওয়ার কথা ছিল গতবছর, কিন্তু বাফুফের ব্যর্থতায় তা এ বছরে এসে ঠেকেছে। এর আগে ২০০৪ ও ২০০৫ সালে জাপান ফুটবল ফেডারেশনের আর্থিক সহযোগিতায় হয়েছিল এর প্রথম ও দ্বিতীয় আসর, তখন অবশ্য অনুর্ধ্ব - ১৬ বছরের ফুটবলারদের প্রতিযোগিতা ছিল এটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:51 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

এ পর্যন্ত এন্ট্রি  ফি জমা দিয়েছে ৪৯ টি দল । তবে বাফুফে দল বাড়ানোর চেষ্টা করছে। কারণ ৬৪টা জেলা ও শিক্ষাবোর্ডগুলো বাফুফের কাউন্সিলর। আগামী শনিবার টুর্নামেন্ট কমিটির সভায় টুর্নামেন্টের বাইলজ নিয়ে আলোচনা হবে এবং ফিকশ্চার চূড়ান্ত করা হবে। এ সভায় কীভাবে  খেলোয়াড়দের বয়সটা ঠিকভাবে নিরূপন করা যায় সে বিষয়েও আলোচনা হবে।

বাফুফে বলেছে, ২০০৭ সালের খেলোয়াড়দের বয়স ১ জানুয়ারিতে অনুর্ধ্ব - ১৫ হতে হবে । প্রত্যেকবারই এ নিয়ম থাকে, কিন্তু মানা হয়না। গত দুবার এ নিয়ে প্রচন্ড হট্টগোল হয়েছিল। ম্যাচ জেতার জন্য অনেক দলই বেশি বয়সী খেলোয়াড় খেলিয়েছিল। এর প্রতিবাদ করেও বাফুফের নির্লিপ্ততার জন্য কোনো লাভ হয়নি। এবার টুর্নামেন্ট কমিটির সম্পাদক সোহরাব হোসেন বয়সটা ১৫ - এর মধ্যে রাখতে বদ্ধপরিকর, “এই টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্য বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড়দের উন্নয়ন। অথচ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে নেমে সবাই বয়সের বাধ্যবাধকতার কথা ভুলে যায়। এবার যেন সেটা না হয় তার উদ্যোগ নেবো। এটা নিশ্চিত করতে কী করা উচিত তা নিয়ে আগামী সভায় বিস্তারিত আলোচনা হবে।” বয়সের বিষয়টি ঠিক রাখা না গেলে কিন্তু তৃণমূল পর্যায় থেকে ফুটবলার উন্নয়নের যে চিন্তা তা ব্যহত হবে এবং পুরো অর্থই জলে যাবে।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার বাইরে আটটি ভেন্যুতে এই টুর্নামেন্ট হবে নক - আউট পদ্ধতিতে। তারপর আট ভেন্যূর চ্যাম্পিয়নদের নিয়ে ঢাকায় হবে জেএফএ কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব।