খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও এশিয়া কাপ প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ফুটবলাররা বাফুফে’র সাথে যোগাযোগ করছে
ভেন্যু সংক্রান্ত জটিলতার কারনে বাংলাদেশের মাঠে কাতারের বিরুদ্ধে এশিয়া কাপ কোয়ালিফাইং ম্যাচটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও অনুশীলন ক্যাম্পের জন্য জাতীয় দলের ফুটবলারেরা বাংলাদেশ ফুটবল ফেডারেশানে (বাফুফে) রিপোর্ট করেছে।
অনুশীলন ক্যাম্পে যোগদানের জন্য জাতীয় দলের ২০ জনের মধ্যে ১২ জন ফুটবলার জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব সাইদ হাসান কানন, কোচ হাসানুজ্জামান বাবলু এবং সহকারী কোচ বায়েজিদ আলম জুবায়ের নিপু’র সাথে যোগাযোগ করেন।
কিন্তু এই খেলাকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা এখোনো কাটেনি। বাফুফে বাংলাদেশ ও কাতারের খেলাটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠানের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশানের (এএফসি) কাছে আবেদন জানালে এএফসি তা প্রত্যাখ্যান করে।
খেলার জন্য নির্ধারিত ১৬ আগস্ট বঙ্গবন্ধু স্টেডিয়ামের সিডিউল পাওয়া না যাওয়ায় বাফুফে এএফসি’র কাছে খেলাটি এমএ আজিজ স্টেডিয়ামে স্থানান্তরের জন্য আবেদন জানায়। কিন্তু এশিয়া কাপের কোয়ালিফাইং ম্যাচের জন্য এম এ আজিজ স্টেডিয়ামটি উপযুক্ত নয়- এই যুক্তিতে এএফসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই আবেদন নাকচ করে দেয়।
বাফুফে’র সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সাংবাদিকদের জানান, কাতারের সাথে বাংলাদেশের ২টি খেলাই কাতারে অনুষ্ঠানের জন্য তারা সেদেশের ফুটবল সংস্থাকে অনুরোধ জানানোর প্রস্তুতি নিচ্ছেন। এ ছাড়া এই মুহুর্তে চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম ছাড়া এই খেলা অনুষ্ঠানের জন্য অন্য কোনো মাঠের ব্যবস্থা তারা করতে পারছেন না সে কথাও বাফুফে এএফসি’কে জানিয়ে দেবে।
সদস্যসচিব কানন জানান, প্রশিক্ষণ শিবির নির্ধারিত সময়েই শুরু হবে এবং বাফুফে কাতারের বিরুদ্ধে ম্যাচটি অনুষ্ঠানের ব্যাপারে তাদের আলোচনা চালিয়ে যাবে।
এপর্যন্ত জাতীয় দলের যেসমস্ত ফুটবলারেরা বাফুফের সাথে যোগাযোগ করেছেন তারা হলেন, আমিনুল ইসলাম, হাসান আল মামুন, মোহাম্মদ সুজন, নজরুল ইসলাম, বিপ্লব ভট্টাচার্য, হাসান, আবুল হোসাইন, প্রদীপ পোদ্দার, আবু ফয়সাল আহমেদ, সাহাজুদ্দিন টিপু, আসাদুর রহমান এবং ফরহাদ হোসেন।
আরিফ খান জয়, আরমান, আলফাজ, রজনী কান্ত বর্মন, মতিউর মুন্না, কাঞ্চন, পারভেজ বাবু এবং মনি এখোনো প্রশিক্ষণ শিবিরে যোগদানের জন্য বাফুফে’র কাছে রিপোর্ট করেননি।
তবে জাতীয় দল থেকে অবসরের আনঅফিসিয়াল ঘোষণা দেওয়ায় আরিফ খান জয় এবং আরমানের প্রশিক্ষণ শিবিরে যোগ দেবার ব্যাপারটি অনিশ্চিত রয়ে গেছে।
