২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হল জিম্বাবুয়ে

ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে ওয়েস্ট ইন্ডিজ সপ্তম ও শেষ ওয়ান ডে ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ১০৪ রানে পরাজিত করে ৫--০ ব্যবধানে সিরিজ জয় করে নিয়েছে। সিরিজের দু’টি ম্যাচ বৃষ্টির কারণে পন্ড হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2006, 09:01 AM

Updated : 26 Apr 2022, 03:39 PM

উইন্ডিজ মিডল--অডার ব্যাটসম্যান রামনরেশ সারওয়ানের ৯১ রানের উপর ভর করে স্বাগতিকরা ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে।

টস জিতে ব্রায়ান লারার ব্যাট করার সিদ্ধান্তটি যথার্থ বলে প্রমাণ করেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। দ্বিতীয় উইকেট জুটিতে সারওয়ান ও শিবনারায়ন চন্দরপল ৭১ রান সংগ্রহ করেন। চন্দরপল ৬৯ বল মোকাবেলা করে ৪৫ রান করেন।

তৃতীয় উইকেটে জুটিতে সারওয়ান ও লারা ৬৭ রান সংগ্রহ করেন। লারা ৪০ রান করে আউট হয়ে যান।

জিম্বাবুয়ের পক্ষে তাওয়ান্দা মুপারিওয়া ৪৪ রানের বিনিময়ে তুলে নেন ৩ টি উইকেট।

সফরকারী জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্রেনডন টেইলর। উদ্বোধনী ব্যটসম্যান বুশি সিবান্দা ৪২ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৯ রানের বিনিময়ে ৪ টি উইকেট তুলে নেন ডোয়াইন স্মিথ।