ইংল্যান্ড দলের ম্যানেজার হতে আগ্রহী লুইস ফিলিপ স্কোলারি
পর্তুগালের কোচ লুইস ফিলিপ স্কোলারি ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদটির প্রতি নিজের আগ্রহের কথা ব্যক্ত করেছেন।
স্কোলারির তত্ত্বাবধানে ব্রাজিল ২০০২ সালে পঞ্চমবারের মত বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তোলে।
জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের পরেই স্কোলারির সাথে পর্তুগালের চুক্তি শেষ হয়ে যাবে।
স্কোলারি বলেন, “হাঁ, এই কাজটির প্রতি আমার আগ্রহ রয়েছে। ইংল্যান্ডের জাতীয় দলটি চমৎকার। কিন্তু এই মুহূর্তে তা আমার জন্য নয়। পর্তুগালের সাথে কাজ করে আমি খুব খুশি। তবে এই বছরের জুলাই মাসে আমাদের মধ্যেকার চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি মুক্ত।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বের একজন ভাল কোচ এবং একজন ভাল মানুষও বটে। পূর্বের চাইতে বর্তমানে পর্তুগাল বেশ ভাল দল। আমি যে কোন দেশের সাথে কাজ করতে আগ্রহী। আমি কুয়েত, সৌদি আরব, ব্রাজিল ও জাপানে কাজ করেছি।”
“যদি আমাকে ইংল্যান্ড দলের দায়িত্ব দেওয়া হয় তাহলে ইংরেজি ভাষাটা শেখা জরুরি হয়ে পড়বে এবং কাজটি সম্পর্কে আরও জানতে হবে। এইসব করতে আমার দুই বা তিন মাস সময় লাগবে। এসব আমার কাছে সমস্যা নয়। ফুটবলারদের ভাষা আমি ভালই বুঝি। কিন্তু জনগণের সাথে যোগাযোগ করার জন্য ভাষা জানা গুরুত্বপূর্ণ বিষয়।”
