সিরিজ জয়ের আশা বাড়িয়ে দিলেন মাশরাফি
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুললেন মাশরাফি বিন মর্তুজা। ফলে শেষ ৫ ওভারে এল ৬৬ রান। ঝড়ের গতিতেই ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ পৌঁছে গেল ২৭৮ রানে।
২৭৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দু উইকেট হারিয়ে বসেছে স্কটল্যান্ড। উইকেট দুটো নিয়েছেন সেই মাশরাফি। শেষ খবর পাওয়া পর্যন্ত স্কটল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৫।
বোলিংয়ের আগে ব্যাট হাতেও প্রতিপক্ষের বড় সর্বনাশ করেছেন মাশরাফি। ৫ টি ছক্কা ও ২ টি চারের মারসহ ২৭ বলে ৫১ রান করে থেকে যান অপরাজিত। ওয়ানডে ক্যারিয়ারে তার প্রথম ফিফটিটি আসে ২৬ বলে। মাশরাফির সঙ্গে ঠিক তাল মেলাতে না গেলেও শেষ দিকে মোহাম্মদ আশরাফুলও দ্রুত রান তোলার দিকে মন দিয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশ পেয়েছে হার না মানা ৩৮ রানের ইনিংস।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের উইকেট আর বাংলাদেশের বোলিং ভাবলে ২৭৯-কে স্কটল্যান্ডের জন্য বড় টার্গেটই বলতে হবে । এমন একটা টার্গেট যে হাবিবুল বাশারের দল পেতে পারে তা মনে হচ্ছিল স্কটল্যান্ডের আমন্ত্রনে ব্যাট করতে নামার পর থেকেই। ব্যাটিংয়ে শাহরিয়ার নাফিস (২৩), মেহরাব জুনিয়র (১৫) , সাকিব আল হাসান (৪৪), হাবিবুল বাশার (২২)-বলতে গেলে সবাই কিছু না কিছু অবদান রেখেছেন। আফতাব আহমেদ করেছেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান। দু অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন শুধু মুশফিকুর রহিম (৬)।
