ফুটবলে ব্যার্থতার জন্য পরিকল্পনাহীনতাকেই দুষলেন অধিনায়ক
বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড পাওয়ার আনন্দ তার হাওয়ায় মিলিয়ে গেছে কদিনেই!
কাতার ফেরত আরমান আজিজের মুখে আর হাসি নেই। অথচ গালভরা হাসি আর ভাল করার প্রত্যয় নিয়েই বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দলের নতুন অধিনায়ক ঢাকা ছেড়েছিলেন। কথা দিয়ে গিয়েছিলেন হারলেও কম ব্যবধানে, সম্মানজনকভাবে হারার চেষ্টা থাকবে তাদের। সেই কথা রাখতে পারেননি; সম্মান হারিয়ে এখন অপমানের জ্বালায় দগ্ধ অধিানয়ক আরমান আজিজ।
তবে এখন তিনি সান্ত¡না খোঁজার চেষ্টা করছেন অন্যভাবে, “মাঠে কিন্তু আমরা খারাপ খেলিনি। গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে কয়েকটা বাজে গোল খেয়েই পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে।” দোহা এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে অবশ্য তারা শুরুটা ভালোই করেছিলেন; মাত্র ৩-০ গোলে হেরেছিল জায়ান্ট কোরিয়ার কাছে। অধিনায়কের দাবি, ওই ম্যাচে বাংলাদেশ স্ট্র্যাটেজি অনুযায়ী খেলতে পেরেছিল। স্ট্র্যাটেজি আর কিছুই নয়, ডিফেন্সিভ খেলা।
পরের ম্যাচ থেকেই কিন্তু বাংলাদেশের চিরচেনা রূপ। কোরিয়ার তুলনায় বাহারাইন অনেক ‘কমজোরি’ হলেও তাদের কাছে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলের বিশাল ব্যবধানে। স্কোরলাইনের এই হতশ্রী চেহারার জন্য অধিনায়ক দুষছেন গোলরক্ষক হিমেলকেই, “তিনটা গোল হয়েছে ফ্রি-কিক থেকে এবং সবগুলোর জন্যই হিমেল দায়ি। সবাই ভালো পারফর্ম না করলে বড় দলগুলোর সঙ্গে দাঁড়ানো কঠিন।”
একই পরিনতি হয়েছে গ্রুপের শেষ ম্যাচে ভিয়েতনামের সঙ্গেও, ব্যবধানও একই (৫-১)। অথচ প্রথমার্ধে ম্যাচে ছিল ১-১ গোলের সমতা। দ্বিতীয়ার্ধেই গোলউৎসব শুরু করে দেয় ভিয়েতনাম। এজন্য অধিনায়ক আবার দায়ী করেছেন দলের ডিফেন্সকে,“ প্রথমার্ধে আমরা এত ভাল খেলেছি যে বল পজেশনে অনেক এগিয়ে ছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই আরিফের ভুলে দ ুমিনিটে দুটো গোল খেয়ে গেলে সবাই দাঁড়িয়ে যায়। এরপর সবার মধ্য থেকে যেন লড়াকু মানসিকতাটাই হারিয়ে গিয়েছিল।”
এশিয়ান গেমসে নিজেদের খেলা দেখে অধিনায়কের উপলব্ধি, “প্রতিপক্ষের সঙ্গে ৯০ মিনিট লড়ে যাওয়ার মতো ক্ষমতা ও মানসিক জোর বাংলাদেশের খেলোয়াড়দের নেই।”
বাংলাদেশের ফিটনেসের সমস্যা নতুন কিছু নয়। বিদেশী কোচরা দয়িত্ব নিয়ে প্রথমেই বলেন ফিটনেস সমস্যার কথা। তাই তাদের বেশিরভাগ সময়ই কেটে যায় খেলোয়াড়দের ফিটনেস ট্রেনিংয়েই। এজন্য আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানি ২০০৫ সালে সঙ্গে করে নিয়ে এসেছিলেন ট্রেনার ভিক্টর এরিয়েল কোলম্যানকেও এবং এই ট্রেনারের অধীনেই ২০০৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশের ফুটবলারদের ফিটনেসের ভালো উন্নতি হয়েছিল বলে খেলোয়াড়দের দাবি।
যদিও সেই ফিটনেসের প্রতিফলন নেই বাংলাদেশের খেলার স্কোরলাইনে। আসলে একটি জায়গায় উন্নতি করে ভালো কিছু করা যায় না বলে মনে করেন অধিনায়ক আরমান আজিজ। তার চোখে এখন উন্নতির প্রধান শর্ত হচ্ছে প্রায় সারা বছর খেলার মধ্যে থাকা এবং অবশ্যই একটি পরিকল্পনার মধ্য দিয়ে ফুটবল চালানো, “দেশের ফুটবলের খুব খারাপ অবস্থা। তারই প্রতিফলন দেখা যায় আমাদের ম্যাচগুলোতে। এর থেকে উত্তরনের জন্য একটা পরিকল্পনা দরকার। এবং অবশ্যই বয়সভিত্তিক দলগুলোকে বিদেশী কোচের অধীনে ট্রেনিংয়ে রেখে ভবিষ্যতের দল তৈরির কাজ শুরু করা উচিত। কারণ, জাতীয় দলে গিয়ে নতুন করে শেখার কিছু থাকে না।”
