২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বোধ’ ওয়াকারের ওপর এখনও ক্ষুব্ধ গুয়ার্দিওলা

ঘটনার পর পেরিয়ে গেছে তিন মাস। কিন্তু এখনও রয়ে গেছে রেশ। প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মেরে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া কাইল ওয়াকার বোকার মতো কাজ করেছে বলে মনে করেন পেপ গুয়ার্দিওলা। ইংলিশ এই ডিফেন্ডারের ওপর থেকে কিছুতেই রাগ কমছে না ম্যানচেস্টার সিটি কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 10:11 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

ইউরোপ সেরার মঞ্চে গত ৭ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাইপজিগের মাঠে ২-১ গোলে হেরে যায় সিটি। ম্যাচের ৮২তম মিনিটে আন্দ্রে সিলভাকে ফাউল করে লাল কার্ড দেখেন ওয়াকার। পরে তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করে উয়েফা।

নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। কিন্তু লাভ হয়নি, বহাল থাকে শাস্তি। ক্লাবের আপিল করার সিদ্ধান্ত যদিও পছন্দ হয়নি গুয়ার্দিওলার।

নিষেধাজ্ঞায় শেষ ষোলোর প্রথম লেগে স্পোর্তিং লিসবনের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচে খেলতে পারেননি ওয়াকার। বুধবার ফিরতি লেগে এবং দল কোয়ার্টার-ফাইনালে উঠলে প্রথম লেগেও খেলতে পারবেন না তিনি। 

অসুস্থতার কারণে ঘরের মাঠে বুধবার আরেক রাইট-ব্যাক জোয়াও কানসেলোকেও পাচ্ছেন না গুয়ার্দিওলা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়াকারের প্রসঙ্গ উঠতেই ক্ষোভ ঝাড়েন এই স্প্যানিয়ার্ড।

“তার (নিষেধাজ্ঞা) প্রাপ্য ছিল, তিন ম্যাচই প্রাপ্য, সে নির্বোধের মতো কাজ করেছে।”

“এই ধরনের কাজের জন্য কাইলের প্রতি আমার সহানুভূতি নেই। আমি এখনও তার ওপর খুব ক্ষুব্ধ। সে জানে, এটার (ফাউল) প্রয়োজন ছিল না। (শাস্তি) তার প্রাপ্য। ক্লাব আপিল করেছিল, কিন্তু আমি একমত নই। আশা করি, এই ঘটনা থেকে সে শিক্ষা নেবে।”