মারাদোনার ছোট ভাইয়ের মৃত্যু
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যুর ১৩ মাস পর মারা গেছেন তার ছোট ভাই উগো মারাদোনা। তার বয়স হয়েছিল ৫২ বছর।
ইতালিয়ান সংবাদমাধ্যম এএনএসএ-এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নেপলসের কাছে নিজ বাড়িতে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় উগোর।
বড় ভাই দিয়েগোর মতো উগো নিজেও ছিলেন পেশাদার ফুটবলার। ১৯৮৭ সালে ১৮ বছর বয়সে নাপোলিতেও যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু দলটির হয়ে খেলা হয়নি তার। তাকে ধারে পাঠানো হয় আরেক ইতালিয়ান দল আসকোলিতে।
স্পেনের রায়ো ভাইয়েকানোরসহ ক্লাব ক্যারিয়ারে ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও জাপানের বিভিন্ন ক্লাবে খেলেছেন উগো।
কার্ডিয়াক অ্যারেস্টে গত বছরের ২৫ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন ও আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো মারাদোনা। বয়স হয়েছিল ৬০ বছর।
