জেসুসের জোড়া গোলে শীর্ষে সিটি
প্রায় চার মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগে জালের দেখা পেলেন গাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জোড়া গোলে এভারটনকে হারিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার স্থানীয় সময় দুপুরে ৩-১ গোলে জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগে প্রথম ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর গত সপ্তাহে চেলসির কাছে ২-০ গোলে হেরেছিল পেপ গুয়ার্দিওলার দল।
ম্যাচের পঞ্চদশ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পেয়েছিল এভারটন। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন ছোট ডি-বক্সের বাইরে থেকে উড়িয়ে মারলে বেঁচে যায় সিটি। পাঁচ মিনিট পর ইলকাই গিনদোয়ানের ছোট ডি-বক্সে বাড়ানো ক্রস ঠেকাতে পা বাড়িয়ে দেন এভারটনের এক ডিফেন্ডার। বল তার পায়ে লেগে জালে ঢুকতে যাচ্ছিল, ঝাঁপিয়ে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
২২তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সিটি। ডি-বক্সে বল বিপদমুক্ত করতে কলম্বিয়ার ডিফেন্ডার ইয়েরি মিনার নেওয়া শটে বল পেয়ে গিনদোয়ান পাস দেন স্বদেশি লেরয় সানেকে। আর জার্মান এই ফরোয়ার্ডের ডি-বক্সে বাড়ানো বল প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে ঠিকানায় পাঠান জেসুস।
৪০তম মিনিটে ছোট ডি-বক্সের বাইরে থেকে রিয়াদ মাহরেজের জোরালো ভলি দারুণ ক্ষিপ্রতায় ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে বাঁ দিক থেকে সানের দারুণ ক্রসে জোরালো হেডে ব্যবধান দ্বিগুণ করেন জেসুস। চলতি লিগে এটি তার তৃতীয় গোল। আর সতীর্থদের সাতটি গোলে অবদান রাখলেন মৌসুমের শুরু থেকে দারুণ খেলতে থাকা সানে। পাশাপাশি ছয়টি গোলও করেছেন তিনি।
ব্যবধান কমানোর স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি অতিথিদের। ৬৯তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিন্ডার ফের্নানদিনিয়োর ক্রসে হেডে গোলটি করেন দুই মিনিট আগে সানের বদলি নামা ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং।
১৭ ম্যাচে ১৪ জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৪৪। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা লিভারপুল।
আরেক ম্যাচে বার্নলিকে ১-০ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চেলসি ও আর্সেনালের পয়েন্ট সমান ৩৪। তবে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে আছে মাওরিসিও সাররির দল চেলসি। ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
