২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির খেলা ‘উপভোগ করেন’ রোনালদো

প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির প্রশংসা করে ক্রিস্তিয়ানো রোনালদো জানিয়েছেন, বার্সেলোনার তারকার খেলা উপভোগ করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2017, 04:47 PM

Updated : 19 Aug 2022, 04:45 PM

গত নয়টি মৌসুমে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার মেসি ও রোনালদো ভাগ করে নিয়েছেন। প্রতি মৌসুমেই তাদের মধ্যে কে সেরা এই তুলনা হয়।

আগামী শনিবার কার্ডিফে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসের মুখোমুখি হবে রিয়াল। তার আগে ফক্স স্পোর্টস আর্জেন্টিনাকে মেসিপ্রীতির কথা জানান দলটির সেরা তারকা।

“আমি সব ভালো খেলোয়াড়কে দেখতে পছন্দ করি এবং মেসি তাদের মধ্যে অন্যতম।”

“আমি তাকে মাঠে খেলতে দেখাটা খুবই উপভোগ করি। সব গ্রেট খেলোয়াড়ের খেলাই উপভোগ করি।”

আরেকটি দারুণ মৌসুম কাটাচ্ছেন রোনালদো। সব মিলিয়ে এরই মধ্যে ৪০ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড; রিয়ালও পুনরুদ্ধার করেছে লা লিগার শিরোপা। মেসি বার্সেলোনার হয়ে এ মৌসুমে শুধু কোপা দেল রে জিতেছেন।

রোনালদো বরাবরের মতোই জানিয়েছেন মেসি ও তার মধ্যের তুলনায় আপত্তির কথা।

“মেসির সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক রয়েছে। এটা নয় যে, আমি তার বাড়ি যাই, একসঙ্গে খাই। সে আমার বন্ধু নয়, কিন্তু আমি তাকে একজন সঙ্গী হিসেবে দেখি, প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়। আমি তুলনা পছন্দ করি না।”