উজ্জীবিত রোনালদোয় বিস্মিত জিদান
উয়েফার ক্লাব প্রতিযোগিতায় প্রথম খেলোয়াড় হিসেবে শততম গোলের মাইলফলকে পৌঁছা ক্রিস্তিয়ানো রোনালদোর ভূয়সী প্রশংসা করেছেন জিনেদিন জিদান। শীর্ষে থাকতে তারকা এই ফরোয়ার্ডের উদ্যম দেখে বিস্মিত রিয়াল মাদ্রিদ কোচ।
গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়াটার-ফাইনালের প্রথম লেগে স্বাগতিক বায়ার্নের বিপক্ষে রিয়ালের ২-১ গোলের জয়ে জোড়া গোল করেন ৩২ বছর বয়সী রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে উয়েফার ক্লাব পর্যায়ের ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড।
শুক্রবার সংবাদ সম্মেলনে রোনালদোর রেকর্ড প্রসঙ্গে জিদান বলেন, “এই রেকর্ডে আমি অনেক খুশি। শীর্ষ পর্যায়ে যেতে সে খুবই উজ্জীবিত।”
“ইউরোপে ১০০ গোল পাওয়াটা বিস্ময়কর। খুব কম সংখ্যক খেলোয়াড়ই এটা অর্জনের পথে আছে …মৌসুমের শেষটায় সে ভালো ফর্মে আছে।”
শনিবার লা লিগায় স্পোর্তিং গিহনের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচটিতে জিতলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান আরও সুদৃঢ় করবে মাদ্রিদের শহরের এই দল।
৩০ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৭২। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৬৯।
গিহনের বিপক্ষে ম্যাচের তিন দিন পর নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে জিদানের দল। এরপর ২২ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার মুখোমুখি হবে তারা।
“মৌসুমের শেষ দিকে এই ম্যাচগুলো আসলে আমরা খুব খুশি হই। শিরোপা জেতার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলতে আমরা পছন্দ করি।”
