২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিয়েস্তার চোখে স্পেন দশে ১০

তুরস্ককে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা ষোলো নিশ্চিত করার ম্যাচে স্পেনকে ‘দশে ১০’ দিচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। মুকুট ধরে রাখার মিশনে দিন যত গড়াতে থাকবে, ছোটখাট ভুল আরও কমে আসবে বলেও বিশ্বাস স্পেনের এই মিডফিল্ডারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 01:49 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

পুরনো খবর:

স্পেনকে জেতানোর অবিশ্বাস্য আনন্দ মোরাতার
দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

ফ্রান্সের নিসে গত শুক্রবার রাতে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোর হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছে স্পেন। ম্যাচ শেষে সতীর্থদের খেলা নিয়ে উচ্ছ্বাসের কথা জানান বার্সেলোনার মিডফিল্ডার ইনিয়েস্তা।

“টুর্নামেন্ট যত এগিয়ে যাবে, আমাদের আরও বাড়তে হবে এবং ভুলগুলো কমিয়ে আনতে হবে; যেটা আমরা আজকে (তুরস্কের বিপক্ষে ম্যাচে) করেছি।”

“আমরা কঠিন প্রতিপক্ষ পেয়েছিলাম কিন্তু বলের ওপর আমাদের অনেক নিয়ন্ত্রণ ছিল এবং আরও ভালো থেকে আরও ভালো করছিলাম। আমি খেলোয়াড়দের ১০-এর মধ্যে ১০-ই দিব; সমর্থকদেরও তাই দিব।”

মুকুট ধরে রাখার আশা নিয়ে সব শেষ ব্রাজিল বিশ্বকাপের অভিজ্ঞতা স্পেনের জন্য মোটেও সুখের ছিল না। গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়েন ইনিয়েস্তারা। একই লক্ষ্য নিয়ে ইউরোতে এসে আলো ছড়াতে পেরে খুশি বার্সেলোনার এই তারকা।

“খেলোয়াড়, সমর্থক, সবার জন্য বিশ্বকাপ ছিল হতাশার। আমরা কখনও ভাবিনি, এমন একটা টুর্নামেন্ট আমরা পাব। কিন্তু (ইউরোতে) গত দুই ম্যাচে আমরা ভালোভাবে সাড়া দিয়েছি এবং নিজেদের জয়ের মানসিকতা দেখিয়েছি। আমাদের ইতিবাচক অনুভূতি আছে এবং কত দূর যাব, সেটা আমার হাতে।”

টানা ‍দুই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সেরা ষোলো নিশ্চিত হওয়ায় প্রাথমিক লক্ষ্য পূরণের আনন্দে ভাসছেন ভিসেন্তে দেল বস্ক। নিসের ম্যাচের নিয়ন্ত্রণ শিষ্যদের মুঠোয় থাকায় আরও ‍খুশি স্পেনকে বিশ্বকাপ ও ইউরোর শিরোপা এনে দেওয়া এই কোচ।

“আমরা আমাদের প্রাথমিক লক্ষ্য পূরণ করেছি; পরের পরের উঠেছি এবং সেটা করেছি (তুরস্কের বিপক্ষে) ভালো পারফর্ম করে। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল এবং গোলও পেয়েছি, যেটার জন্য আমরা লড়াই করছিলাম।”