স্পেনকে জেতানোর অবিশ্বাস্য আনন্দ মোরাতার
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার মিশনে ছুটছে স্পেন। দলের দাপুটে পথ চলায় নিজের কাজটুকু ভালোভাবেই করে যাচ্ছেন আলভারো মোরাতা। সব শেষ ম্যাচে তুরস্কের জালে জোড়া গোল করা এই ফরোয়ার্ড জানালেন, যাদের খেলা টিভিতে দেখেছেন, তাদের সঙ্গে খেলার কথা নাকি তার এখনও বিশ্বাস হচ্ছে না!
গত শুক্রবার ফ্রান্সের নিসে তুরস্ককে ৩-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপ থেকে সেরা ষোলো নিশ্চিত করে স্পেন। দলের জয়ে মোরাতা দুটি ও নোলিতো একটি গোল করেন। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় মোরাতা জানালেন তার অনুভূতি।
“ম্যাচের আমার দুই গোল? দলের ম্যাচ নিয়ে আমি খুবই খুশি; গোল...এ ম্যাচগুলোর আগে আমি স্পেনের খেলা টিভিতে দেখতে অভ্যস্ত ছিলাম। আমি এখন এখানে। এটা আমার জন্য একটা স্বপ্ন।”
স্পেন দলের ভেতরের আবহ জানাতে গিয়ে মোরাতা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের দলের আবহাওয়াটা দারুণ। আমরা হাসি, খেলি।”
এই স্ট্রাইকার বলেন, “যখন বিষয়গুলো ভালোভাবে যায়, তখন লোকে বলে আমরা গোল করি না...আমরা অবশ্যই এগিয়ে এবং কাজ করে যাব। আমরা কঠিন একটা দলের (তুরস্ক) বিপক্ষে দারুণ খেলেছি।”
অবিশ্বাস্য আনন্দে ভাসলেও স্পেনের হয়ে যে এবারই প্রথম মোরাতা গোল পেলেন, তা নয়। ২০১৪ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে অভিষের পর থেকে এ পর্যন্ত খেলা ১১ ম্যাচে ৫ গোল তার।
