২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঙ্গার দোষ দেখছেন না পেলে

কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিল দলের ব্যর্থতার পেছনে ছাটাই হওয়া কোচ দুঙ্গার কোনো দোষ দেখছেন না দেশটির ফুটবল কিংবদন্তি পেলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2016, 04:49 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকা অভিযান শুরু করা ব্রাজিল পরের ম্যাচে হাইতিকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দেয়। কিন্তু তৃতীয় ম্যাচে পেরুর কাছে বিতর্কিত এক গোলে হেরে যুক্তরাষ্ট্রে চলা এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১৪ বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে স্বদেশের দায়িত্ব নেওয়া দুঙ্গা পেরুর কাছে ওই হারের পর ছাঁটাই হন। দ্বিতীয় মেয়াদে শুরুটা ভালো করলেও তার রক্ষণাত্মক কৌশল ব্রাজিল সমর্থকদের মন ভরাতে পারনি। সেই সঙ্গে ১৯৮৭ সালের পর এই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় তুমুল সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক।

তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার পেলে অবশ্য দুঙ্গার কোনো দোষ দেখছেন না।

“আমার মতে, দুঙ্গাকে নিয়ে সব সমালোচকেরা যে খারাপ কথা বলছে তা ঠিক না। এই বিষয়ে তার কিছুই করার নেই। দুঙ্গা তার কাজ করেছে।”

পেলের মতে, কোপা আমেরিকার আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার কারণ অনুশীলনের যথেষ্ট সময় না পাওয়া।

“দুর্ভাগ্যবশত, ব্রাজিল জাতীয় দল অনুশীলন করার সময় পায়নি এবং প্রতি টুর্নামেন্টেই তারা পুরো দল পাল্টে ফেলে। তাই এটা দুঙ্গার দোষ না।”

দুঙ্গার উত্তরসূরি হিসেবে আদেনর লিওনার্দোর যোগ দেওয়ার জোর সম্ভাবনার খবর ব্রাজিল গণমাধ্যমে। কিংবদন্তি পেলের মতেও, সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জেতানো ‘তিতে’ নামে পরিচিত এই কোচ ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার যোগ্য।

২০১২ সালে করিন্থিয়ান্সকে প্রথমবারের মতো কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ জেতানো তিতে প্রশংসায় পেলে বলেন, “আমার মতে, নি:সন্দেহে তিতে এই সময়ের সেরা কোচ এবং তিনি এটা করতে (ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে) সক্ষম।”