শিষ্যদের খেলায় সন্তুষ্ট আর্জেন্টিনা কোচ
দলের সেরা তারকা লিওনেল মেসির অভাব টের পেতে না দিয়ে আর্জেন্টিনাকে দারুণ এক জয় এনে দিয়েছেন আনহেল দি মারিয়া, এভার বানেগারা। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট দেশটির কোচ জেরার্দো মার্তিনো।
যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে হওয়া ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারায় গতবারের রানার্সআপ আর্জেন্টিনা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জেরার্দো মার্তিনোর দলের গোলদুটি করেন দি মারিয়া ও এভার বানেগা।
ম্যাচ শেষে ৫৩ বছর বয়সী মার্তিনো তার শিষ্যদের প্রশংসায় ভাসান।
“৯০ মিনিটের খেলাই আমার ভালো লেগেছে। জয় আমাদের প্রাপ্যই ছিল।”
গত ২৮ মে হন্ডুরাসের বিপক্ষে কোপা আমেরিকার একমাত্র প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লেগেছিল তার।
চিলির বিপক্ষে না খেলা মেসি আগামী চার দিনের মধ্যে মাঠে নামার মতো অবস্থায় ফিরতে পারবেন বলে মনে করেন মার্তিনো।
“দলে যে কোনো অনুপস্থিতি অতিক্রম করে যেতে হবে আমাদের। দল জানত, ম্যাচে ভিন্ন পরিস্থিতি কিভাবে সামলাতে হয় এবং আমরা ন্যায্যভাবেই জয়ী।”
