শর্ত মানলে সাড়ে ৭ লাখ ডলার পাবে বাফুফে
ফুটবলের উন্নয়নের জন্য সদস্য ফেডারেশনগুলো ফিফার দেওয়া অনুদানের অঙ্ক আড়াই লাখ ডলার থেকে সাড়ে সাত লাখ ডলার হয়েছে। তবে আর্থিক সুবিধার পুরোটা পেতে হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কিছু শর্ত পূরণ করতে হবে।
মেক্সিকোতে সদ্য শেষ হওয়া ফিফা কংগ্রেসে যোগ দেওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অনুদান বৃদ্ধির সঙ্গে শর্ত যোগ হওয়ার বিষয়টি বুধবার সাংবাদিকদের জানান।
“আগের বছরগুলোতে আমরা ফিফার কাছ থেকে সব মিলিয়ে আড়াই লাখ ডলার পেতাম। সেই সংখ্যাটি বড় দাগে বেড়ে এখন হচ্ছে পাঁচ লাখ ডলার। ফিফার ২১১টি সদস্য ফুটবল সংক্রান্ত কোনো কাজ না করলেও বছরে ১ লাখ ডলার করে পাবে। বাকি চার লাখ ডলার পেতে হলে তাদের ১০টি শর্তের মধ্যে কমপক্ষে আটটি পূরণ করতে হবে। অর্থাৎ প্রতিটি শর্ত পূরণে ৫০ হাজার ডলার করে দেবে ফিফা।”
“এর বাইরেও জাতীয় দলের ট্রাভেল সাবসিডি (ভ্রমন ব্যয়) হিসেবে আরও আড়াই লাখ পাওয়া যাবে। এই অঙ্কটি পেতে হলে জাতীয় দলের কর্মকাণ্ড ফিফাকে দেখাতে হবে।”
অনুদানের এই অঙ্ক আরও বাড়ার সুযোগ রয়েছে বলেও সাংবাদিকদের জানান সোহাগ, “ওই সাড়ে সাত লাখ ডলার ছাড়াও আরও আড়াই লাখ ডলার পাওয়ার সুযোগ থাকছে সদস্য দেশগুলোর সামনে। বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এই অর্থ দেবে ফিফা।”
ফিফার অনুদানের অঙ্ক অবশ্য বছরে সব মিলিয়ে সাড়ে ১২ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। ‘সক্ষমতা বৃদ্ধির’ জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বছরে আরও পাঁচ লাখ ডলার পেতে পারে বাফুফে। ডেভেলপমেন্ট প্রজেক্টের অধীনে বাফুফের বিভিন্ন ফুটবল উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেমন টার্ফ স্থাপন, একাডেমি নির্মাণে ফিফা বরাদ্দ দিতে পারে।
আঞ্চলিক অ্যাসোসিয়েশনগুলোর অনুদানও এবার বাড়িয়েছে ফিফা। আগামী বছর থেকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ১০ মিলিয়ন ডলার পাবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কাছ থেকে। ফলে প্রতি বছর বাফুফেকে দেওয়া এএফসির অনুদানের অঙ্ক বাড়ারও সম্ভাবনাও থাকছে।
ফিফার দিতে চাওয়া আর্থিক সুবিধার পুরোটা পেতে করণীয়গুলো জানতেই আগামী বৃহস্পতিবার ফিফার আঞ্চলিক ডেভেলপমেন্ট অফিসার সাঝি প্রভারকরনের সঙ্গে বসবে বাফুফের কর্মকর্তারা। এরই মধ্যে প্রভাকরন ঢাকায় এসেছেন বলেও জানান বাফুফে সাধারণ সম্পাদক।
“আগামীকাল তার সঙ্গে আমাদের বৈঠক আছে। অনুদান পাওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা পেতে তার সঙ্গে আলোচনা করব।”
