‘ধারাবাহিক খেলায় শিরোপা বার্সার’
গ্রানাদাকে হারিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার পর উচ্ছ্বসিত বার্সেলোনার কোচ লুইস এনরিকে দাবি করেছেন, মৌসুম জুড়ে তার দল ধারাবাহিক ছিল।
শনিবার রাতে গ্রানাদার মাঠ থেকে লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। একই দিনে রিয়াল মাদ্রিদ দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ২-০ গোলে জিতলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগ শিরোপা নিজেদের করে নেয় এনরিকের দল।
অবশ্য গত এপ্রিলের প্রথমভাগে টানা তিন ম্যাচ হেরে শিরোপা লড়াই জমিয়ে দিয়েছিল বার্সেলোনা। এক সময় দূরে থাকা আতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদও ঘাড়ে শ্বাস ফেলেছে। তবে এনরিকে মনে করেন, লা লিগায় বার্সেলোনাই সবচেয়ে ধারাবাহিক।
“মৌসুম জুড়ে আমরা খুবই ভালো খেলেছি। অনেক সপ্তাহ আমরা টেবিলে সবার ওপরে ছিলাম এবং সবচেয়ে ধারাবাহিক দলটি শিরোপা জিতেছে।”
“বার্সার সব সমর্থক, আমাদের পরিবার এবং দলের জন্য আমি খুবই খুশি। কিছু সময় লোকে ভুগেছে এবং এখন আগামী মৌসুমে আমরা আরেকটা ট্রফি জিততে চাই।”
“ভালো মুহূর্তটা এবং যে মানুষগুলো দুঃসময়ে সমর্থন করেছে, সমর্থকরা যা কিছু করেছেন, সেগুলোই আমি মনে রাখব। চারপাশে অনেক কিছু হওয়া সত্ত্বেও সমর্থকরা আমাদের পাশে ছিলেন। তো আমি বার্সার সব সমর্থককে বলব-বাইরে বেরিয়ে পড়ুন; শিরোপা উপভোগ করুন।”
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা স্বপ্ন এবারের মতো গুঁড়িয়ে যাওয়া বার্সেলোনার সামনে থাকছে ‘ডাবল’ জয়ের সুযোগ। আগামী সপ্তাহেই কিংস কাপের ফাইনালে সেভিয়ার মুখোমুখি হবে কাতালান দলটি। ত্রিমুকুট জয়ের সুযোগ নষ্ট হওয়ায় খুব একটা হতাশ নন দলটির কোচ।
“মৌসুমের শুরুতে আমরা সব ট্রফি জয়ের লক্ষ্য স্থির করেছিলাম, যেটা কেউ কখনো করেনি। কিছু সময় লোকে মনে করে শিরোপা না জেতাটা বড় ব্যর্থতা কিন্তু আমরা জানি, ট্রফি জেতা কতটা কঠিন।”
নিজেদের মতো করে শিরোপা উদযাপনের কথা জানিয়ে এনরিকে বলেন, “ইতিহাসে কেবল দুটো দলই অতীতে টানা ডাবল জিতেছে। সব সময় আমরা নিজেদের জন্য বড় লক্ষ্য ঠিক করি—এবং এটা আমরা চালিয়ে যাব।”
