জিতেও হতাশায় শেষ রিয়ালের
দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে নিজেদের কাজটা ঠিকমতোই করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু অন্য ম্যাচে গ্রানাদার মাঠে বার্সেলোনা জেতায় রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে জিনেদিন জিদানের দলকে।
দেপোর্তিভোর মাঠে শনিবার ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জেতে রিয়াল। ফাইনালে পরিণত হওয়া লা লিগার শেষ রাউন্ডের আরেক ম্যাচে লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখা নিশ্চিত করে বার্সেলোনা।
৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল চ্যাম্পিয়ন লুইস এনরিকের দল। লিগে টানা দ্বাদশ জয় তুলে নেওয়া রিয়ালের পয়েন্ট ৯০।
জানুয়ারির শুরুতে রাফায়েল বেনিতেসের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেপোর্তিভোর বিপক্ষে ৫-০ গোলের জয়েই শুভসূচনা হয় কোচ জিদানের। ফিরতি পর্বে ফের এই দলকে হারিয়েই এবারের লিগের ইতি টানলো রিয়াল।
গ্যারেথ বেল চোট কাটিয়ে ফেরায় পূর্ণ শক্তির আক্রমণভাগ নিয়েই মাঠে নামে রিয়াল। ‘বিবিসি’ নামে পরিচিত এই আক্রমণভাগের নৈপুণ্যেই সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা। বাঁ-দিকে গোললাইনের কাছ থেকে ওয়েলসের ফরোয়ার্ড বেলের পাস ধরে করিম বেনজেমা বাড়ান রোনালদোকে। ফাঁকায় বল পেয়ে সহজেই গোলরক্ষককে পরাস্ত করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
একই সময়ে শুরু হওয়া শিরোপা লড়াইয়ের অন্য ম্যাচে ২২তম মিনিটে লুইস সুয়ারেসের গোলে এগিয়ে যায় শীর্ষে থাকা বার্সেলোনা।
পাঁচ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূরণে দুবার সুযোগ পান রোনালদো, কিন্তু ভাগ্যের ফেরে তার দুটি শটই পোস্টে লাগে। অন্যদিকে গ্রানাদায় ৩৮তম মিনিটে সুয়ারেসের দ্বিতীয় গোলে শিরোপার অনেকটাই কাছে পৌঁছে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে বেনজেমা-রদ্রিগেসরা। তবে আর কোনো গোলের দেখা না পেলেও নিজেদের জালেও বল ঢুকতে দেয়নি তারা। তাতে অবশ্য হতাশা এতটুকুও কমছে না স্পেনের সফলতম ক্লাবটির।
অবশ্য সামনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে মৌসুমের সবচেয়ে বড় শিরোপা জয়ের সুযোগ থাকছে জিনেদিন জিদানের দলের।
গত সপ্তাহে লেভান্তের কাছে হেরে লিগের শিরোপা লড়াই থেকে ছিটকে পড়া আতলেতিকো শেষ ম্যাচে জয় পেয়েছে। সেল্তা দে ভিগোকে ২-০ গোলে হারিয়েছে দিয়েগো সিমেওনের দল। ৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল দলটি।
