রোনালদোর অনন্য গোলের রেকর্ড
শেষ রাউন্ডে দেপোর্তিভো লা করুনাকে হারালেও লা লিগা জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচটিতে জোড়া গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়েছেন দলটির সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।
দেপোর্তিভোর মাঠ থেকে গত শনিবার ২-০ গোলের জয় নিয়ে ফেরে রিয়াল। একই দিন একই সময়ে হওয়া ম্যাচে লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার উচ্ছ্বাসে ভাসে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে ১৬টি আর লিগে ৩৩টি মিলিয়ে মোট ৪৯ গোল নিয়ে দেপোর্তিভোর বিপক্ষে ম্যাচটি খেলতে নেমেছিলেন রোনালদো। সপ্তম মিনিটে এ মৌসুমে নিজের ৫০তম গোলটি করেন তিনি। পর্তুগালের তারকা ফরোয়ার্ড ম্যাচে তার দ্বিতীয় গোলটি করেন ২৫তম মিনিটে।
রোনালদোর এই কীর্তি গড়ার দিনে রিয়ালও একটি রেকর্ড গড়ে। প্রথম ক্লাব হিসেবে লা লিগায় শেষ ১২টি ম্যাচে জয় পায় তারা। আর এই ১২ ম্যাচে ৩৯টি গোল করে জিনেদিন জিদানের দল, বিপরীতে খেয়েছে কেবল ৯ গোল।
চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে রোনালদোর। আগামী ২৮ মে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে তার দল রিয়ালের এ মৌসুমের অভিযান।
২০১০-১১ মৌসুম থেকে প্রত্যেকবারই ৫০টির বেশি করে গোল করে এসেছেন রোনালদো।
২০১০-১১ মৌসুমে ৫৩টি গোল করেন পর্তুগালের অধিনায়ক। পরের মৌসুমে এর চেয়ে ৭ গোল বেশি পান। ২০১২-১৩ মৌসুমে করেন ৫৫ গোল। পরের মৌসুমে ৫১টি। আর গত মৌসুমে তিনি পেয়েছিলেন ৬১ গোল।
