শিষ্যদের নিয়ে গর্বিত জিদান
নতুন কোচের অধীনে দুর্দান্ত ভাবে ফিরে এসে সম্ভাবনা জাগিয়েও লা লিগা শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তাতে বেশি হতাশ না হয়ে বরং শিষ্যদের জন্য ‘অনেক গর্বিত’ কোচ জিনেদিন জিদান।
গত শনিবার শিরোপা নির্ধারণী রাতে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারায় রিয়াল। একই রাতে লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ১ পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। ম্যাচ শেষে দল নিয়ে গর্বের কথা জানান রিয়াল কোচ।
“আপনাকে বুঝতে হবে শেষ দিকে বার্সেলোনা এগিয়ে ছিল এবং আমরা সেটা বদলাতে পারি না। তারা শিরোপা জিতেছে এবং আমরা যেটা পারতাম, সেটা করেছি। সবাইকে নিয়ে আমি ভীষণ গর্বিত।”
দায়িত্ব নিয়ে ২৬টি ম্যাচের মধ্যে ২১টিতেই জয় পাওয়া ফরাসি এই কোচ বলেন, “ছেলেরা যেটা করেছে, তাদের জন্য আমি খুশি। কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু আমরা হাল ছাড়িনি নোয়ায়নি, সবসময় লড়াই করেছি এবং দলকে এই বার্তাই দিয়েছিলাম আমি।”
এক সময় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। বার্সেলোনার হোঁচটে আর রিয়ালের একের পর এক ম্যাচ জয়ে শিরোপা লড়াই জমে ওঠে। জিদানের দাবি, লিগ শিরোপা পুনরুদ্ধারে সামর্থ্যের সবটুকুই নিংড়ে দিয়েছে তার শিষ্যরা। এখন তার ভাবনা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে।
“আমরা হতাশ কিন্তু ফুটবল এমনই। যেটা আমরা করতে পারতাম, তার সবটাই করেছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা শেষ ম্যাচটা নিয়ে ভাবছি।”
আগামী ২৮ মে ইতালির মিলানের সান সিরোতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে মাদ্রিদের দুই দল।
