পিকের দুবার লা লিগা জয়ের অনুভূতি
মাস দুয়েক আগে দোর্দন্ড প্রতাপে শিরোপার পথে এগিয়ে চলা বার্সেলোনার হঠাৎ ছন্দপতনে ক্রিমুখী শিরোপা লড়াই জমে উঠে। তবে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ রাউন্ডে এসে চ্যাম্পিয়ন হওয়ায় জেরার্দ পিকের অনূভূতিটা যেন একই মৌসুমে দুবার শিরোপা জয়ের মতো।
শনিবার রাতে লুইস সুয়ারেসের হ্যাটট্রিকে গ্রানাদাকে ৩-০ গোলে হারিয়ে ৯১ পয়েন্ট নিয়ে ২৪তম লিগ শিরোপা জেতে বার্সেলোনা। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে এক পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয় রিয়াল মাদ্রিদ।
২৯ রাউন্ড শেষে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থেকে সহজেই চ্যাম্পিয়ন হওয়ার পথে ছিল বার্সেলোনা। পরের রাউন্ডেই ভিয়ারিয়ালের মাঠে পয়েন্ট হারিয়ে ছন্দপতনের শুরু।
আন্তর্জাতিক বিরতি শেষে এপ্রিলের শুরুতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে নামে লিওনেল মেসিরা। কিন্তু ঘরের মাঠের সে ম্যাচে হেরে বসে তারা, পরের দুই রাউন্ডে তারা হারে যথাক্রমে রিয়াল সোসিয়েদাদ ও ভালেন্সিয়ার কাছে।
পয়েন্টের হিসেবে আতলেতিকো ধরে ফেললেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শিরোপা নির্ধারণের হিসেবটা বার্সেলোনার পক্ষেই ছিল। সেখান থেকে টানা ৫ ম্যাচ জিতে শেষ আট মৌসুমে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল কাতালান ক্লাবটি।
শিরোপা দৌড়ে নিজেদের এভাবে পট পরিবর্তনের কারণেই ‘দুবার’ চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি হচ্ছে স্পেনের ডিফেন্ডার পিকের।
“পরিস্থিতির বিবেচনায় আমাদের দুবার শিরোপা জিততে হয়েছে। যখন আমরা আট পয়েন্টে এগিয়েছিলাম তখনই আমরা জিতে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ আমরা সেটা হারিয়ে ফেলি, যদিও এটা আমাদের উপরই নির্ভর করছিল। আর এখন আমরা ঘুরে দাঁড়িয়ে এটা জিতলাম।”
আট মৌসুমে ছয়বার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়ে দারুণ উচ্ছ্বসিত অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।
