২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাজিকিস্তান ম্যাচের ক্যাম্পে মামুনুল ও সোহেল

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া নির্ভরযোগ্য দুই খেলোয়াড় মামুনুল ইসলাম ও সোহেল রানা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 06:22 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

তাজিকিস্তান ম্যাচের জন্য ৩৪ জনের প্রাথমিক দল আগেই দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মামুনুল ও সোহেল যোগ হওয়ায় দলের সদস্য সংখ্যা আপাতত ৩৬ জন। এদের মধ্যে কেবল ডেনমার্কে থাকা জামাল ভূইয়া ক্যাম্পে এখনও যোগ দেননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টিম ম্যানেজার সত্যজিৎ দাস রুপু।

“মামুনুল ও সোহেল আজ দুপুরে ক্যাম্পে যোগ দিয়েছে। ৩৬ জনের দলে এখন পর্যন্ত জামাল ভূইয়া যোগ দেয়নি। সে এ মুহূর্তে ডেনমার্কে রয়েছে। আশা করছি, শিগগিরই জামাল যোগ দেবে।”

প্লে-অফে আগামী ২ জুন দুশানবেতে এবং ৭ জুন ফিরতি লেগে নিজেদের মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ দুটি ম্যাচ সামনে রেখে গত বুধবার থেকে অনুশীলন শুরু করে দল। আগামী শনিবার থেকে দুই বেলা অনুশীলন শুরু হবে বলেও জানান রুপু।

প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ নেদারল্যান্ডসে থাকায় আপাতত সহকারী কোচ সাইফুল বারী টিটোর অধীনে অনুশীলন চলছে। ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আওয়াল জানান, আগামী ১৫ মে ঢাকার পথে রওনা দেবেন ক্রুইফ।

ভারতে হওয়া সব শেষ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। দেশের মাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপে সেমি-ফাইনালে বাহরাইনের যুবাদের কাছে হেরে থেমে যায় মামুনুলদের পথ চলা। এই দুই টুর্নামেন্টে ব্যর্থতার তদন্ত করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি সাত ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে প্রতিবেদন দেয়।

গত মার্চে জাতীয় দল থেকে মামুনুল ও জাহিদকে এক বছরের জন্য এবং ইয়াসিন ও সোহেলকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দেওয়ার পর গত বৃহস্পতিবার মামুনুল ও সোহেলের নিষেধাজ্ঞা তুলে নেয় সংস্থাটির ন্যাশনাল টিমস কমিটি।