২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির অদলবদল রিয়াল ম্যাচের কথা ভেবে নয়

ঠাসা সূচির কারণে খেলোয়াড়দের অদলবদল করিয়ে খেলানোর কথা ভাবছেন মানুয়েল পেল্লেগ্রিনি। আগামী ম্যাচেই দলে পরিবর্তন আনতে পারেন; তবে সেটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের কথা ভেবে নয় বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির এই কোচ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 07:35 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আগেই পেছনে পড়ে যাওয়া সিটি গত শনিবার সের্হিও আগুয়েরোর হ্যাটট্রিকে চেলসির মাঠে ৩-০ গোলের জয় পায়। 
 
পেল্লেগ্রিনি বলেন, “আমি পরের ম্যাচে কিছু পজিশনে পরিবর্তন আনতে পারি। এর কারণ এই নয় যে, আমি রিয়াল মাদ্রিদ নিয়ে ভাবছি।”
 
“এর কারণ, এখন থেকে মে পর্যন্ত আমাদের এক মাসের মধ্যে আটটি ম্যাচ খেলতে হবে। বদলি করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু রিয়াল মাদ্রিদ নিয়ে ভেবে নয়।”
 
চেলসির বিপক্ষে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ডিফেন্ডার পাবলো সাবালেতাকে বদলি করা পেল্লেগ্রিনি বলেন, দলের ভালোর জন্যই কাজ করেন তিনি। 
 
“অবশ্যই সে হতাশ ছিল। যে কোনো মুহূর্তে সঠিক কাজ করা আমার দায়িত্ব। আরেকটি ফাউল করলে চেলসির সমর্থকেরা প্রত্যেক মুহূর্তে তাকে বহিষ্কার করার জন্য রেফারিকে চাপ দেওয়ার চেষ্টা করত। এই পরিবর্তন করাটা গুরুত্বপূর্ণ ছিল।”
 
নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম পর্বের ম্যাচটি আগামী ২৬ এপ্রিল খেলবে সিটি। রিয়ালের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি পর্বের ম্যাচটি হবে আগামী ৪ মে।