হ্যাটট্রিক হিরোর চ্যাম্পিয়ন্স লিগ আনন্দ
অসাধারণ এক হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তুলতে পেরে দারুণ খুশি ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়ালের এখন পর্যন্ত ‘হতাশাজনক’ মৌসুমের বিবেচনায় এটাকে সাফল্য হিসেবেই দেখছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় পর্বে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে হারায় রিয়াল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে টানা ষষ্ঠবারের মতো ইউরোপ সেরার লড়াইয়ের শেষ চারে ওঠে জিনেদিন জিদানের দল।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৪৬ গোল করার পরও সমালোচনা সইতে হচ্ছে রোনালদোকে। স্পেনের লা লিগায় আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় সমালোচনার স্বীকার হচ্ছে তার দলও।
ভলফ্সবুর্গের বিপক্ষে ম্যাচ জয়ের পর রোনালদো বলেন, “যা কিছু ঘটেছে একটা বাজে মৌসুমে এটা খারাপ নয়…আমি খুব খুশি।”
“আমরা এর জন্য কঠোর পরিশ্রম করেছি। যারা কঠোর পরিশ্রম করে ঈশ্বর তাদের সাহায্য করেন। আর এখন আমরা এক ধাপ দূরে; যে কোনো কিছুই সম্ভব।”
উদাহরণ হিসেবে ম্যানচেস্টার সিটির সেমি-ফাইনালে ওঠার বিষয়টিও তুলে আনেন রোনালদো।
“ম্যান সিটির দিকেই তাকান না (যারা দুই লেগ মিলে পিএসজিকে ৩-২ গোলে হারিয়েছে), যেটা বেশিরভাগ মানুষই ভাবতে পারেনি। ফুটবল বিস্ময়ে ভরা এবং যে কোনো কিছুই ঘটতে পারে। আমি খুশি; কারণ, ফাইনাল থেকে আমরা আর এক ধাপ দূরে।”
