২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলফ্সবুর্গ ম্যাচ রোনালদোর ক্যারিয়ার সেরা নয়

অসাধারণ এক হ্যাটট্রিক করে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে তোলা পারফরম্যান্সকে ক্যারিয়ারের সেরা বলে মনে করছেন না ক্রিস্তিয়ানো রোনালদো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 04:31 PM

Updated : 12 Apr 2022, 01:50 AM

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে ভলফ্সবুর্গকে ৩-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল। প্রথম পর্বে ২-০ গোলে পিছিয়ে থাকার পরও দুই পর্ব মিলে জার্মানির ক্লাবটিকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে ওঠে স্পেনের সফলতম ক্লাবটি।

প্রথমার্ধে ৯০ সেকেন্ডের মধ্যে দুই গোল করেন রোনালদো। অসাধারণ এক ফ্রি-কিকে হ্যাটট্রিক করা গোলটি তিনি করেন ৭৭তম মিনিটে।

ম্যাচ শেষে রোনালদোকে সাংবাদিকরা প্রশ্ন করে এটাই তার সেরা পারফরম্যান্স কিনা। এর উত্তরে রোনালদো বলেন, “আমি তিন গোল করেছি বলেই এটা আমার সেরা ম্যাচ হয়ে যায় না। মানুষ জানে যে, আমি সব সময় সর্বোচ্চটা দেই। পরিসংখ্যান মিথ্যা বলে না।”

“আমি সব সময় দলকে সাহায্য করতে চেষ্টা করব। গোল আমার ডিএনএতেই আছে। কিন্তু গুরুত্বপূর্ণ ছিল দল। আমরা জানতাম, আমাদের তিন বা তার বেশি গোল করতে হবে। …ম্যাচটি আমরা নিয়ন্ত্রণ করেছি। আমরা বেশি ঐকান্তিক ছিলাম এবং বেশি সুযোগ পেয়েছি। আমরা ওদের চেয়ে ভালো খেলেছি।”

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেন, “এটা নিখুঁত এক রাত ছিল। আমি বলেছিলাম এটা জাদুকরী রাত হবে এবং এটাই হয়েছে। সমর্থকরা আমাদের সমর্থন করেছে এবং জটিল একটি ম্যাচ জয়ে শক্তি যুগিয়েছে।”

পুরনো খবর:

‘স্পেশাল’ রোনালদোকে নিয়ে উচ্ছ্বসিত জিদান