জয়ের অপেক্ষা বাড়ল ফেনী-আরামবাগের
স্বাধীনতা কাপে এখনও জয়ের দেখা না পাওয়া ফেনী সকার ও আরামবাগ ক্রীড়া চক্রের মধ্যে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
চলতি আসরে খেলা তিন ম্যাচে ফেনীর এটি দ্বিতীয় ড্র। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা আরামবাগ এই ড্রয়ে প্রথম পয়েন্ট পেল।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে রোববার ‘বি’ গ্রুপের এই ম্যাচে গতিহীন প্রথমার্ধের পর ৫৫তম মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় ফেনী। আরামবাগের নাইজেরিয়ার ফরোয়ার্ড কেস্টার আকনের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন সুজন চৌধুরী।
৬৪তম মিনিটে আরামবাগের ডিফেন্ডারদের ব্যর্থতায় সমতা ফেরে ম্যাচে। বক্সের মধ্যে দুই ডিফেন্ডারের সামনে থেকে গোলটি করেন ফেনী সকারের বদলি মিডফিল্ডার ইকবাল হোসেন ভূইয়া।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফেনী সকারের এনটিম টুয়াম ফ্রাঙ্ক বল নিয়ে দ্রুত বক্সে ঢুকে উড়িয়ে মারলে সমতায় শেষ হয় ম্যাচ।
তবে শেষ মুহূর্তে ডিফেন্ডার ইফতেখারুল আলম দ্বিতীয় হলুদ কার্ড পেলে হতাশা আরও বাড়ে ফেনী সকারের।
