গোল পেয়ে আবেগে আপ্লুত সুয়ারেস
ব্রাজিলের বিপক্ষে প্রথম মিনিটেই গোলে খেয়ে ভড়কে যাওয়া উরুগুয়েকে ড্র এনে দেওয়া গোল করতে পেরে আবেগে আপ্লুত দেশটির তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস।
নিজেদের মাঠ রেসিফিতে বাংলাদেশ সময় শনিবার সকালে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে ব্রাজিল।
দগলাস কস্তা ও রেনাতো আগুস্তোর গোলে ২৬ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। ৩১তম মিনিটে ব্যবধান কমান উরুগুয়ের এদিনসন কাভানি। আর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সুয়ারেস করেন সমতাসূচক গোল।
ম্যাচ শেষে সুয়ারেস বলেন, “প্রথম গোলটি আমাদের ভড়কে দিয়েছিল। কারণ, তারা এক মিনিট পরই আমাদের ধরাশায়ী করে দেয়। এটা আমাদের শুরুর মনোভাবে পরিবর্তন আনে।”
“কিন্তু সব সময়ের মতো দল ঘুরে দাঁড়ায় এবং দৃঢ়তা দেখায়।”
নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ফেরেন বার্সেলোনার ফরোয়ার্ড সুয়ারেস। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দেওয়ার কারণে সব ধরনের ফুটবলে চার মাস ও আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
এই প্রসঙ্গ আসলে সুয়ারেস জানান, ওই নিষেধাজ্ঞার পর অনেক ভুগতে হয়েছে তাকে; সে সময় পরিবারের সদস্যরা তাকে সমর্থন জুগিয়েছে। তাই গোলটা করা ছিল আবেগের।
অন্যদিকে ম্যাচ শেষে সুয়ারেসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তার সতীর্থ হোর্হে ফুসিলে।
“লুইস একটা দানব। তার জন্য আমাদের অগাধ শ্রদ্ধা আছে। তারা (ব্রাজিলের খেলোয়াড়রা) বুঝতেই পারেনি তাকে কিভাবে পাহারা দেবে।”
এই জয়ের পর বাছাইপর্বে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে একমাত্র অপরাজিত দল একুয়েডর শীর্ষে আছে ১৩ পয়েন্ট নিয়ে।
