২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমতায় ব্রাজিল-উরুগুয়ে লড়াই

নিজেদের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না ব্রাজিল। আন্তর্জাতিক অঙ্গনে লুইস সুয়ারেসের প্রত্যাবর্তনের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 09:01 AM

Updated : 11 Oct 2022, 08:00 PM

ব্রাজিলের রেসিফিতে বাংলাদেশ সময় শনিবার সকালে বিশ্বকাপের বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে দিয়েগো গদিন আর হোসে হিমিনেস না থাকায় রক্ষণ নিয়ে সমস্যায় পড়তে হয় উরুগুয়েকে। এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি আরেক ডিফেন্ডার মাক্সি পেরেইরা। ম্যাচ শুরুর পর ৩৯ সেকেন্ডের মধ্যেই গোল খেয়ে বসে অতিথিরা।

ডান পাশ থেকে এক খেলোয়াড়কে কাটিয়ে উইলিয়ানের দারুণ ক্রসে কোনোমতে শুয়ে পড়ে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন বায়ার্ন মিউনিখের উইঙ্গার দগলাস কস্তা। তখন পর্যন্ত বলে পা ছোঁয়াতে পারেনি উরুগুয়ের খেলোয়াড়রা।

কিছুক্ষণ পর গোলের সুযোগ পেয়েছিলেন নেইমারও। কিন্তু ডি-বক্সের ভেতর বুক ক্রস নামিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন ব্রাজিল অধিনায়ক। 

২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেনাতো আগুস্তো। নেইমারের বুদ্ধিদীপ্ত রক্ষণচেরা পাস ডি-বক্সের ভেতর স্লাইড করেও বিপদমুক্ত করতে পারেননি আলভারো পেরেইরা। বল পেয়ে আগুয়ান গোলরক্ষক ফের্নান্দো মুসলেরাকে কাটিয়ে জালে জড়িয়ে দেন চীনের ঘরোয়া ফুটবলে খেলা আগুস্তো।

পাঁচ মিনিট পরই একটি গোল শোধ করেন কাভানি। ক্রস থেকে সানচেসের হেডে বল পেয়েই জোড়ালো শটে গোলরক্ষক আলিসন বেকারকে ফাঁকি দেন পিএসজির এই ফরোয়ার্ড।

আর বিরতির পর পরই উরুগুয়েকে সমতায় ফেরান ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে খেলতে নামা সুয়ারেস।

বাঁ দিক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। আলিসন বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি। দেশের হয়ে সুয়ারেসের গোল হলো ৪৫টি।

এই ব্রাজিলেই ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্বে ইতালির জর্জো কিয়েল্লিনিকে কামড় দিয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে ৯ ম্যাচের পাশাপাশি চার মাসের জন্য সব ধরনের ফুটবলে নিষিদ্ধ ছিলেন সুয়ারেস। এই কারণে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি।

পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে। ৮ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে একমাত্র অপরাজিত দল একুয়েডর শীর্ষে আছে ১৩ পয়েন্ট নিয়ে।