সুয়ারেস-কাভানির প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিল কোচ
উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়তে হওয়ায় খুব একটা খুশি হতে পারেননি দুঙ্গা। তবে লুইস সুয়ারেস আর এদিনসন কাভানির মতো ফরোয়ার্ডদের বিপক্ষে খেলাটা সহজ নয় বলেও মনে করেন ব্রাজিল কোচ।
নিজেদের মাঠ রেসিফিতে বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে ব্রাজিল।
প্রথম মিনিটে দগলাস কস্তা ব্রাজিলকে এগিয়ে দেওয়ার পর ২৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রেনাতো আগুস্তো। তবে ৩১তম মিনিটে ব্যবধান কমান উরুগুয়ের ফরোয়ার্ড কাভানি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে উরুগুয়ের সমতাসূচক গোলটি করেন সুয়ারেস।
ম্যাচ শেষে দুঙ্গা বলেন, “এক অর্ধে ব্রাজিল খেলেছে, আরেক অর্ধে খেলেছে উরুগুয়ে।”
দ্বিতীয়ার্ধে ব্রাজিলের তুলনামূলক খারাপ খেলার কারণ জানাতে গিয়ে সুয়ারেস-কাভানির প্রশংসা করেন দুঙ্গা।
“কাভানি আর সুয়ারেসের মতো ফরোয়ার্ডদের বিপক্ষে খেলাটা সহজ নয়। উরুগুয়ের বিপক্ষে খেলা কখনোই সহজ নয়।”
আগুস্তোর গোলে সহায়তা করা নেইমার এই ম্যাচে হলুদ কার্ড দেখেন। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি। এ বিষয়ে দুঙ্গা বলেন, “ফাউলটা হলুদ কার্ড পাওয়ার মতো বাজে ছিল না। কিন্তু এটা নেইমার। আর রেফারিরা তার ব্যাপারে সব সময়ই অনমনীয় থাকবে।”
