সতীর্থদের সমালোচনা করার পর রোনালদোর ব্যাখ্যা
সতীর্থদের মান নিয়ে সমালোচনা করার কথা অস্বীকার করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার কথাগুলো ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ড।
স্পেনের লা লিগায় গত শনিবার নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে পড়ে রিয়াল।
২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। এক ম্যাচ কম খেলে শীর্ষ স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৩।
ম্যাচ শেষে স্পেনের রেডিও কোপেকে রোনালদো বলেন, "সবাই যদি আমার মানের হতো, তাহলে আমরা সম্ভবত প্রথম হতাম।"
সতীর্থদের মান নিয়ে অসন্তোষ দেখানোর সময় রোনালদো হেসে রদ্রিগেস, লুকাস ভাসকেস ও মাতেও কোভাচিচের কথা আলাদা করে বলেন।
পরে অবশ্য রোনালদো বলেন, তিনি গ্যারেথ বেল, মার্সেলো, পেপে ও করিম বেনজেমার চোটের বিষয়টি বোঝাতে চেয়েছিলেন।
"সতীর্থদের জন্য আমার সর্বোচ্চ শ্রদ্ধা আছে। আমি কখনোই তাদের আক্রমণ করতে পারি না। আমি আমাকে অন্যদের চেয়ে ভালো বলে মনে করি না," যোগ করেন রোনালদো।
রিয়ালের অধিনায়ক সের্হিও রামোসও মনে করেন রোনালদো সতীর্থদের বিষয়ে এমন কথা বলার মানুষ নন।
এএসকে রামোস বলেন, "ক্রিস্তিয়ানোকে কেউ যদি জানে, তা আমি। আমার মনে হয় না সে তার কোনো সতীর্থকে আক্রমণ করতে চেয়েছে। সম্ভবত সে তার কথাগুলো ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি।"
