২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতলেতিকোর কাছে হেরে শিরোপা লড়াইয়ে পেছাল রিয়াল 

এবার ঘরের মাঠেও পথ হারালো অধারাবাহিক রিয়াল মাদ্রিদ। আতলেতিকো মাদ্রিদের কাছে একমাত্র গোলে হেরে শিরোপা লড়াইয়ে অনেক পিছিয়ে গেছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 11:13 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে দিয়েগো সিমেওনের দলের জয়সূচক গোলটি করেন আন্তনিও গ্রিজমান।

২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। আতলেতিকোর পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।

রোববার এই রাউন্ডে নিজেদের ম্যাচে সেভিয়াকে হারালে রিয়ালের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যাবে বার্সেলোনা। আর লুইস এনরিকের শিষ্যরা যে দারুণ ফর্মে আছে তাতে মাদ্রিদের দলটির জন্যে এই ব্যবধান ঘোঁচানো খুবই কঠিন।

বছরের শুরুতে কোচ হিসেবে যোগ দেওয়া জিদানের অধীনে রিয়ালের এটাই প্রথম হার। গত অক্টোবরে প্রথম পর্বে আতলেতিকোর মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরেছিল রিয়াল। ওই সময় কোচ ছিলেন রাফায়েল বেনিতেস।

প্রথম ৩০ মিনিটের খেলা ঢিমেতালে চলার পর ম্যাচে কিছুটা উত্তেজনা আসে। করিম বেনজেমাকে ফাউল করায় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার দিয়েগো গদিন। রোনালদোর জোরালো ফ্রি-কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোলের সুযোগ তৈরি হয়েছিল রিয়ালের। কিন্তু ফরাসি স্ট্রাইকার বেনজেমার কোনাকুনি শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

আট মিনিট বাদে কেইলর নাভাসের নৈপুণ্যে বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। বক্সের অনেকটা বাইরে থেকে ফরাসি ফরোয়ার্ড গ্রিজমানের আচমকা বিদ্যুৎ গতির শট শেষ মুহূর্তে নিচু হয়ে ক্রসবারের কোল ঘেষে জালে ঢুকতে যাচ্ছিল। অসাধারণ দক্ষতায় কোনোমতে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান কোস্টা রিকার এই গোলরক্ষক।

পরের মিনিটে আবারও রিয়ালের রক্ষাকর্তা নাভাস; স্প্যানিশ মিডফিল্ডার কোকের দুরূহ কোণ থেকে নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এ পর্যন্ত ম্যাচের সহজতম সুযোগটি পেয়েছিল রিয়াল। বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জোরালো কোনাকুনি শটও নেন রোনালদো, কিন্তু একটুর জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়।

এর তিন মিনিট বাদেই দারুণ এক পাল্টা আক্রমণে জয়সূচক গোলটি করেন গ্রিজমান। ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপে লুইসের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে বক্সের মধ্যে বিনা বাধায় সহজেই লক্ষ্যভেদ করেন এই ফরাসি ফরোয়ার্ড। এবারের লিগে গ্রিজমানের এটা ত্রয়োদশ গোল।

৬৮তম মিনিটে আবারও সমর্থকদের হতাশায় ডোবান রোনালদো। ১০ গজ দূর থেকে হেড দিলেও বল গোলরক্ষকের হাতে গিয়ে পড়ে। ৮৪তম মিনিটে আবারও দুর্বল হেডে সুযোগ নষ্ট করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

শেষ দিকে দানিলোর কোনাকুনি শটও পোস্টের কোল ঘেষে বাইরে চলে গেলে সাত ম্যাচ পর ঘরের মাঠে হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-বেনজেমারা।