রিয়ালকে জেতালেন রোনালদো
এক পেনাল্টি ‘মিস’, পরেরটাতেই গোল; দর্শনীয় দ্বিতীয় গোলে পুরোপুরি হতাশা কাটালেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই ফরোর্য়াডের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে ৩-১ গোলে জেতে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের অন্য গোলটি করেন লুকাস ভাসকেস।
গত রাউন্ডে রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাসে মাঠে নামা রিয়াল এদিন শুরুটা করে দারুণ। প্রথম আট মিনিটেই দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। তবে দুবারই তাদের হতাশ করেন সোসিয়েদাদ গোলরক্ষক।
প্রথমবার পেপের হেড ঠেকানোর পর গ্যারেথ বেলের শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন সোসিয়েদাদের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি।
২৪তম মিনিটে সোসিয়েদাদের স্প্যানিশ ডিফেন্ডার ইউরি ডি-বক্সে বেনজেমাকে ফেলে দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু ক্রসবারের অনেকটা উপর দিয়ে বল উড়িয়ে মেরে সহজতম সুযোগ নষ্ট করেন রোনালদো।
পর্তুগিজ এই তারকার পেনাল্টি থেকে পাওয়া গোলেই অবশ্য ৪২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বেলের ক্রস সোসিয়েদাদের ডি বক্সে এক খেলোয়াড়ের হাতে লাগলে আবারও পেনাল্টি পায় বেনিতেসের দল। এবার আর ভুল করেননি রোনালদো।
পেনাল্টির সিদ্ধান্তটি অবশ্য বিতর্কিত ছিল; সোসিয়েদাদের খেলোয়াড়টি ইচ্ছে করে বল হাতে লাগাননি। তবে রেফারির সিদ্ধান্ত যেমনই হোক না কেন, দল এগিয়ে যাওয়ায় ম্যাচে প্রথমবারের মতো বেনিতেসের মুখে হাসির দেখা মিলল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সে হাসি উবে যায়; ৪৯তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে সোসিয়েদাদের গিনির স্ট্রাইকার না বাঙ্গনা জোরালো শটে ডান কোনা দিয়ে বল জালে জড়ালে পুরো বের্নাবেউ স্তব্ধ হয়ে যায়।
পাঁচ মিনিট বাদে প্রথমবারের মতো এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল সোসিয়েদাদ। কিন্তু দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেন বাঙ্গনা।
লিগের এ মৌসুমে বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারের সঙ্গে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল রোনালদোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি গোল বার্সেলোনার লুইস সুয়ারেসের।
আর ৮৬তম মিনিটে রিয়ালের জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস। বাঁ দিক থেকে গ্যারেথ বেলের ক্রস ডি-বক্সের একটু বাইরে ধরে ভেতরে ঢুকে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ১০ মিনিট আগে বদলি হিসেবে নামা এই স্প্যানিশ মিডফিল্ডার।
এই জয়ে আপাতত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে রিয়াল, ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।
পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ বা দিনের শেষ ম্যাচে বার্সেলোনা জিতলে অবশ্য শীর্ষস্থান ছেড়ে দিতে হবে রিয়ালকে। দিন শেষে অবস্থান যাই হোক; বছরের শেষ ম্যাচটি জেতায় চাপ কিছুটা কমলো কোচ রাফায়েল বেনিতেসের উপর থেকে।
রিয়াল মাদ্রিদ ৩ - ১ রিয়াল সোসিয়েদাদ
(রোনালদো ৪১, ৬৭ ভাসকেস ৮৬ - না বাঙ্গনা ৪৯)
# ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ বা দিনের শেষ ম্যাচে বার্সেলোনা জিতলে অবশ্য শীর্ষস্থান ছেড়ে দিতে হবে স্পেনের সবচেয়ে সফল দলটিকে। দিন শেষে অবস্থান যাই হোক; রিয়াল বছরের শেষ ম্যাচটি জেতায় চাপ কিছুটা কমলো কোচ রাফায়েল বেনিতেছের উপর থেকে।
শেষ বাঁশি: (রিয়াল মাদ্রিদ ৩ : রিয়াল সোসিয়েদাদ ১)। বেনিতেসের উপর চাপ কমলো
৮৬: গোল, লুকাস ভাসকেস; রিয়াল মাদ্রিদ (রিয়াল মাদ্রিদ ৩ : রিয়াল সোসিয়েদাদ ১)। আশা পূরণ হলো সমর্থকদের। বাঁ দিক থেকে গ্যারেথ বেলের ক্রসে ডি-বক্সে একটু বাইরে ধরে ভেতরে ঢুকে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ১০ মিনিট আগে বদলি হিসেবে নামা ভাসকেস।
# সান্তিয়াগো বার্নাবেউতে দর্শকদের দাবি মেটানো এখন একটু কঠিনই। আরও গোল চায় সমর্থকরা।
৬৯: বেনজেমার দারুণ ভলি দারুণ দক্ষতায় ঠেকালেন সোসিয়েদাদ গোলরক্ষক।
৫৯: তারকা ফুটবলার হামেস রদ্রিগেসকে উঠিয়ে নিলেন বেনিতেস। আলো ছড়াতে পারছিলেন না কলম্বিয়ার এই মিডফিল্ডার। বদলি হিসেবে নামলেন মাতেও কোভাচিচ।
৫৮: গ্যারেথ বেলের জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকালেন সোসিয়েদাদ গোলরক্ষক।
৫৪: গোলের সুযোগ হারাল সোসিয়েদাদ। রিয়াল মাদ্রিদের রক্ষণে দুর্বলতার সুযোগে ব্রুমা দৌড়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন। বলটায় দ্বিতীয় ছোঁয়াটা একটু জোরেই দিয়ে ফেলেছিলেন। গোলরক্ষক কেইলর নাভাস এগিয়ে এসে এ যাত্রা বাঁচালেন দলকে।
৪৯: গোল রিয়াল সোসিয়েদাদ (রিয়াল মাদ্রিদ ১ : রিয়াল সোসিয়েদাদ ১)। ডি-বক্সের ভেতর থেকে জোরালো শটে ডান কোনা দিয়ে গোল করেন না বাঙ্গানা।
# তবে পেনাল্টির সিদ্ধান্তটি নিয়ে বিতর্ক রয়েছে। গ্যারেথ বেলের ক্রসে ডি-বক্সে সোসিয়েদাদের খেলোয়াড়টি ইচ্ছে করে হাতে লাগাননি।
২৪: পেনাল্টি থেকে গোল করতে পারলেন না রোনালদো। ক্রসবারের উপর দিয়ে বল উড়িয়ে মারলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সোসিয়েদাদের স্প্যানিশ ডিফেন্ডার ইউরি নিজেদের ডি বক্সে বেনজেমাকে ফেলে দিলে পেনাল্টি পায় রিয়াল।
৮: গত ম্যাচে ১০ গোল করা রিয়াল এখানে প্রথম আট মিনিটেই দুটি গোল পেতে পারতো। করিম বেনজেমার কাছ থেকে গ্যারেথ বেল এবং পরে ওয়েলসরে এই ফরোয়ার্ডের বাড়ানো বল ধরে শট নেন রোনালদো। কিন্তু তা ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক।
# কোচ বেনিতেসের প্রতি ক্ষোভটা যাচ্ছেই না রিয়াল সমর্থকদের। ম্যাচ শুরুর আগে যখন রিয়াল মাদ্রিদ কোচের নাম লাউডস্পিকারে ঘোষণা করা হয় তখন দুয়ো ধ্বনি শোনা যায় গ্যালারিতে।
# জিতলে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে। অবশ্য রাতেই আবার খেলা আছে বার্সেলোনার। জিতলে লুইস এনরিকের দল বছরটা শেষ করবে শীর্ষে থেকেই।
সোসিয়েদাদের বিপক্ষে শেষ ১৬ ম্যাচে রিয়াল মাদ্রিদ মাত্র ১ বার হেরেছে। জয় ১২; ড্র ৩।
গত রাউন্ডে রায়ো ভায়োকানোকে ১০-২ গোলে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাসে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট তালিকায় চতুর্দশ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজেদের মাঠে চোট আক্রান্ত অধিনায়ক সের্হিও রামোসকে পাচ্ছে না রিয়াল।
আক্রমণভাগের তিন তারকা ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমা অবশ্য আছেন। হামেস রদ্রিগেস ও টনি ক্রুসের উপস্থিতিতে মাঝমাঠেও পূর্ণ শক্তির দলই পাচ্ছে রিয়াল।
