২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে হারিয়েও হতাশ মারুফুল

প্রীতি ম্যাচে নেপালকে হারালেও শিষ্যদের খেলায় খুশি হতে পারেননি বাংলাদেশ কোচ মারুফুল হক। নিজের শেখানো কৌশলের মাত্র ‘৩০ শতাংশ’ মামুনুলরা মাঠে দেখাতে পেরেছে বলেও জানান তিনি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2015, 10:11 PM

Updated : 22 Aug 2022, 02:17 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার শাখাওয়াত হোসেন রনির একমাত্র গোলে নেপালকে হারায় বাংলাদেশ। অষ্টাদশ মিনিটে রনির গোলের পর আর বলার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। তাই মামুনুলরা জয়ের জন্য প্রতিপক্ষ কোচের অভিনন্দন পেলেও নিজেদের কোচকে খুশি করতে পারেননি।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশ কোচ মারুফুল শুরুতেই বলেন, “জয় আনন্দের কিন্তু ছেলেদের খেলায় খুশি হতে পারিনি। (আমার শেখানো কৌশলের) মাত্র ৩০ শতাংশ তারা করে দেখাতে পেরেছে।”

আগামী ২৩ ডিসেম্বর ভারতে শুরু হতে যাওয়া সাফ গেমসের শেষ মুহূর্তের প্রস্তুতি পরখ করে নেওয়ার জন্যই এ প্রীতি ম্যাচের আয়োজন। নেপালের বিপক্ষের ম্যাচে মামুনুলদের মানসিকতা নিয়েও খুশি হতে পারেননি কোচ।

“এক গোল দেওয়ার পর আমরা আর আক্রমণে যাব না, এ ধরনের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মানসিকতা বদলাতে হবে। এক গোল দেওয়ার পর যেন আমরা বিশ্বাস করি-আরও গোল করতে পারি।”

সাফ পুনরুদ্ধারের মিশনে নামার আগে মামুনুল-জুয়েলদের মানসিকতা নিয়ে কাজ করার কথা জানান মারুফুল। নেপালের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে না পারা জামাল ভূইয়ার অভাব মিডফিল্ডে অনুভব করার কথাও জানান ঘরোয়া ফুটবলে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে ট্রেবল জেতা এই কোচ।

দলকে জয় এনে দেওয়া রনি দারুণ উচ্ছ্বসিত গোল করে। সুযোগ পেলে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেকে মেলে ধরতে চান এই ফরোয়ার্ড।

“আমার জায়গায় আমি সিরিয়াস আছি। আমার চেষ্টা আমি করছি। সুযোগ পেলে সাফে ভালো করার চেষ্টা অবশ্যই করব।”

মারুফুলের ঠিক উল্টো মেরুতে নেপাল কোচ প্যাট্রিক অসেমস। অভিজ্ঞ খেলোয়াড়দের অনুপস্থিতি তরুণ দলের খেলায় খুশি বেলজিয়ামের এই কোচ।

বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে অসেমস বলেন, “ম্যাচটি দুটি দলের জন্যই সাফের আগে শেষ প্রস্তুতি ম্যাচ। আমার দলটি খুবই তরুণ, অনভিজ্ঞ। ম্যাচের ফল কোনো ব্যাপার নয়। আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং ম্যাচ নিয়ে আমি খুবই খুশি।”