রিয়ালের সঙ্গে যোগাযোগ হয়নি লেভানদোভস্কির
বায়ার্ন মিউনিখের রবের্ত লেভানদোভস্কিকে দলে টানার চেষ্টা করতে পারে রিয়াল মাদ্রিদ- এ বিষয়ে বেশ কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এখন পর্যন্ত স্প্যানিশ দলটির সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন পোল্যান্ডের এই স্ট্রাইকার।
জার্মান চ্যাম্পিয়ন দলটিতে ভালো আছেন বলেও জানান লেভানদোভস্কি।
মাসখানেক আগে লেভানদোভস্কি নিজেই রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়ে বলেছিলেন, “রিয়ালকে তিনি না বলতে পারবেন না।”
লেভানদোভস্কির ‘রিয়াল সম্ভাবনা’ নিয়ে গুঞ্জনের পালে হাওয়া লাগে সম্প্রতি স্পেনের ক্রীড়া দৈনিক ‘এএস’ এ প্রকাশিত একটি ছবির কারণে। এ ছবিতে গত শনিবার গেতাফে-রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচ চলার সময় সান্তিয়াগো বের্নাবেউয়ের ভিআইপি বক্সে লেভানদোভস্কির এজেন্ট চেজারি কুখারিস্কিকে বসে থাকতে দেখা যায়।
লেভানদোভস্কির মন্তব্য এবং বের্নাবেউয়ে তার এজেন্টের উপস্থিতিতে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগে দিনামো জাগরেবের বিপক্ষে ম্যাচের আগে ২৭ বছর বয়সী এই তারকাকে এ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২০১৪ সালে বায়ার্নে যোগ দেওয়ার পর দলটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন লেভানদোভস্কি।
এই মৌসুমেও ভালো ফর্মে থাকা তারকা এই স্ট্রাইকার বর্তমান চুক্তি অনুয়ায়ী ২০১৯ সাল পর্যন্ত বায়ার্নে খেলবেন। তবে গণমাধ্যমের খবর, লেভানদোভস্কির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবছে পাঁচ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
