শামীমার চোখে এসএ গেমসের সোনার স্বপ্ন
মাত্র এক বছরের ব্যবধান; এরই মধ্যে শামীমা আক্তারের স্বপ্ন ডানা মেলেছে অনেকখানি। ষোড়শী এই বক্সার এখন এসএ গেমসের সোনা জয়ের স্বপ্নে দেখছেন; দেখাচ্ছেনও।
মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামের রিংয়ে গত বছর অগাস্টে যখন শামীমা প্রথম উঠেছিলেন, তখন স্বপ্নটা এতটা বড় হয়নি। ৪৫ কেজি ওজন শ্রেণিতে শিরোপা জিতেও ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে ইতস্তত ভাব। জ্বর নিয়ে রিংয়ে নেমে বাজিমাত করার আনন্দের লুকোচুরিও ছিল না চোখেমুখে।
বাবা-মায়ের শাসন-বারণ উপেক্ষা করে বক্সিংয়ের গ্লাভস তুলে নেওয়া মেয়েটি অবশ্য সেবারই জানিয়েছিল পরিবারের মুখ উজ্জ্বল করতে চাওয়ার কথা। ক্লাস এইটে পড়া সেই মেয়েটি এখন ক্লাস নাইনে। সিনিয়র পর্যায়ে প্রথম খেলতে নেমে শনিবার রাজশাহীর সুমি খাতুনকে হারিয়ে ৫১ কেজি ওজন শ্রেণির সোনা জিতে নিয়েছেন। এই এক বছরের মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে।
“নিজেকে অনেক ওপরে দেখতে চাই আমি। প্রথমবারের মতো এসএ গেমসে খেলতে যাব (ভারতে); সেখানে সোনা জিততে চাই।”
দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) ভারতের গোহাটি ও শিলংয়ে শুরু হবে আগামী ফেব্রুয়ারি। শামীমার হাতে সময় নেই বেশি। বাংলাদেশ বক্সিং ফেডারেশন সাতজন মেয়েসহ মোট ২২ জন বক্সার নিয়ে ক্যাম্প শুরু করেছে। দেশি কোচের অধীনে চলছে অনুশীলন। এ নিয়ে তার সন্তুষ্টিও আছে; আছে উন্নত কোচের সঙ্গে কাজ করতে না পারার হতাশাও।
“দেশি কোচের অধীনে অনুশীলন করছি। ভালোই হচ্ছে প্রস্তুতি। তবে বিদেশি কোচ হলে আরও ভালো হতো। দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলতে (এসএ গেমসের আগে) পারলে আরও ভালো হতো। আরও ভালো করতে পারতাম।”
বয়স কম বলে শামীমার বাংলাদেশ আনসারের চাকরিটা পাকা হয়নি। পদকের বিনিময়ে ভাতা-এভাবেই চলছে আনসারের সঙ্গে সম্পর্কটা। বাস্তবতাটা জানা থাকায় অনুশীলনের রসদের সীমাবদ্ধতার বিষয়টিও সে মেনে নিয়েছে।
ছেলেবেলার স্কুল ফাঁকি দেওয়ার অভ্যাসটা বদলাতে হয়েছে সময়ের প্রয়োজনে; ক্যাম্প না থাকলে পড়ার টেবিলে মনোযোগী ছাত্রী শামীমা। চাকরিটা পাকা নয় বলে দায়িত্বের ভার নেই কাঁধে। পড়ার টেবিল আর যশোর বক্সিং ক্লাবের অনুশীলন-এই তার রুটিন।
‘পারতেই হবে’ এমন একটা পণ করেই বক্সিংয়ের মতো ঝুঁকিপূর্ণ খেলায় এসেছেন শামীমা। কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলির মেয়ে লায়লা আলির মতো হওয়ার স্বপ্ন তাই পুষে রেখেছেন মনের গহীনে।
“লায়লা আলিকে আমি কখনও দেখিনি। তবে তার নাম শুনেছি। মেরি কমের নামও শুনেছি। আমি লায়লা আলির মতো হতে চাই।”
