রিয়ালের মাঠে নিখুঁত খেলতে চায় বার্সা
রিয়াল মাদ্রিদের মাঠে খেলতে যাওয়ার আগে আন্দ্রেস ইনিয়েস্তা সতীর্থদের নিখুঁত ফুটবল খেলার পরামর্শ দিয়েছেন। জিততে চাইলে এভাবে খেলা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন বার্সেলোনা অধিনায়ক।
রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচটি আগামী শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় শুরু হবে।
এ ম্যাচের আগে ১১ রাউন্ড শেষে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ২৪।
শীর্ষস্থানটা আরও সংহত করতে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে চায় বার্সেলোনা। আর এর জন্য কী করতে হবে, সতীর্থদের তা বলে দেন দলটির মিডফিল্ডার ইনিয়েস্তা।
“তারাও যেহেতু আমাদের ক্ষতি করতে পারে, তাই কার্যত নিখুঁত একটি ম্যাচ খেলতে হবে। তাদের খেলার পাল্টা জবাব দিতে ভালো খেলতে হবে আমাদের।”
রিয়াল কেমন খেলবে এটা না ভেবে ম্যাচটি নিয়ন্ত্রণ করার মতো ফুটবল উপহার দিতে চান ইনিয়েস্তা।
“নিজেদের ভুল কমিয়ে সুযোগগুলো কাজে লাগাতে হবে আমাদের।”
