বার্সা ম্যাচে খেলতে উন্মুখ বেল, হামেস
বার্সেলোনার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা গ্যারেথ বেল আর হামেস রদ্রিগেস। দুজনেই নিজেদের সম্পূর্ণ ‘ফিট’ বলে দাবি করেছেন।
পেশির চোটের কারণে ২৪ বছর বয়সী মিডফিল্ডার হামেস এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলতে পারেন। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন কলম্বিয়ার এই তারকা। ৩-২ গোলে রিয়ালের হেরে যাওয়া সেই ম্যাচে মাত্র ২৭ মিনিট খেলেন তিনি।
এর পর কলম্বিয়ার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচেই খেলা হামেস জানান বার্সেলোনা ম্যাচের জন্য তৈরি তিনি।
“আমি ভালো আছি। জাতীয় দলে যোগ দেওয়ার আগে মাদ্রিদে ভালোই অনুশীলন করেছিলাম। এমনকি আমি পুরো ৯০ মিনিট খেলতে পারতাম। চিলি ও আর্জেন্টিনার বিপক্ষে শুরু থেকে পুরো ম্যাচ খেলি।”
