২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বিপক্ষে এখনও অনিশ্চিত মেসি

চোট কাটিয়ে গত সোমবার অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় দলের সেরা তারকার খেলা নিশ্চিত বলতে পারেনি বার্সেলোনা। এমনকি সতীর্থ লুইস সুয়ারেসও জানালেন, মেসিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 10:16 PM

Updated : 25 Apr 2022, 02:09 PM

আগামী শনিবার মুখোমুখি হবে স্পেনের শীর্ষ দুটি দল। মেসির এ ম্যাচে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেন বার্সেলোনার উরুগুয়ের ফরোয়ার্ড সুয়ারেস।

“সে খেলবে কি খেলবে না সেটা কোচের ব্যাপার; চিকিৎসকদের কথা এবং সে (মেসি) নিজে কেমন অনুভব করছে, তার ওপর খেলা নির্ভর করছে। কিন্তু অনুশীলনে তাকে বেশ ক্ষিপ্র দেখাচ্ছে। তারপরও এটা যে ধরনের চোট, তাতে ভবিষ্যতের জন্য ঝুঁকিটা থেকেই যায়।”

“সব ম্যাচেই মেসি পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়। ক্লাসিকোয় সে সবসময়ই অনেক বড় প্রভাব রাখে। কিন্তু আমাদেরও দেখতে হবে, (খেলার জন্য) সে কতটুকু তৈরি”, বুধবার সাংবাদিকদের আরও বলেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

মেসির অনুপস্থিতিতে নেইমারকে সঙ্গে নিয়ে বার্সেলোনাকে ভালোভাবেই টেনে চলেছেন সুয়ারেস। কাতালুনিয়ার দলটি এ মুহূর্তে লা লিগায় শীর্ষে রয়েছে। তা সত্ত্বেও মেসিকে নিজেদের ওপরেই রাখছেন সুয়ারেস।

“সে যা অর্জন করেছে এবং এখনও যা করছে, তার হিসেবে লিও অন্য যে কোনো খেলোয়াড়ের ওপরে রয়েছে।”

মেসির সঙ্গে সতীর্থ নেইমারকে প্রশংসায় করতেও ভোলেননি সুয়ারেস।

“নেইমার চমৎকার। মেসির পরে সে অনায়াসেই বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার। এ মুহূর্তে সে অবিশ্বাস্য খেলছে এবং এটা দেখাটাও অনেক বড় ব্যাপার।”